আসন্ন বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদদের স্মরণের মাস, ভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার মাস ফেব্রুয়ারির প্রথম লগ্ন থেকেই শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমির বইমেলা। একুশে গ্রন্থমেলা হিসেবে পরিচিত এই আয়োজন এবার বসবে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার পরিবেশে। বইমেলার মুখ্য উদ্দেশ্য বই বিক্রি এবং লেখক-পাঠকের মিলন; বর্তমান পরিবেশে এই দুইয়ের সামনেই রয়েছে বেশ কিছু প্রতিবন্ধক। বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় কি সে ব্যাপারে সজাগ?
বাংলাদেশে পুস্তক প্রকাশনা একই সঙ্গে ব্যবসা ও সেবা। হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ প্রকাশনাকেই বই প্রকাশ করে লোকসান গুনতে হয়। এ অবস্থায় বইমেলায় স্টলের ভাড়া বাড়িয়ে বাংলা একাডেমি উচিত কাজ করেছে বলে দাবি করতে পারে না। তাদের উচিত ছিল অন্ততপক্ষে গত বছরের ভাড়ার হারই বহাল রাখা। বর্তমান পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর বিষয়টি অনেক প্রকাশনা প্রতিষ্ঠানের জন্যই বাড়তি চাপ হিসেবে বিবেচিত হবে।
রাজনৈতিক অস্থিতিশীলতায় প্রস্তুতিতে বিরূপ প্রভাবমেলা উপলক্ষে সারা দেশ থেকেই পাঠক, গ্রন্থ ব্যবসায়ী ও লেখক-সাহিত্যিকেরা ঢাকায় আসেন। সে সময় পর্যন্ত ২০-দলীয় জোটের অবরোধ যদি চলে, তবে সর্বজনের সম্মিলন ঘটা কঠিন হয়ে যাবে। এমনকি মেলার জনসমাগমের নিরাপত্তার বিষয়টিও এবার আগের যেকোনোবারের চেয়ে যত্নসহকারে দেখতে হবে। মেলা ঘিরে নিরাপত্তার পাশাপাশি যান চলাচল সহজ করার ব্যবস্থা নিতে হবে ঢাকা ট্রাফিক কন্ট্রোল দপ্তরকে। অন্যদিকে, আমরা আশা করব, বিরোধী দল ভাষার মাসের আগেই সহিংস কর্মসূচি থেকে সরে আসবে। এ ব্যাপারে সরকারের দিক থেকেও উদ্যোগের প্রয়োজন রয়েছে।
অবরোধের কারণে যাতায়াত কঠিন হয়ে যাওয়াসহ কাগজ ও শ্রমের দাম বেড়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে পুস্তক ব্যবসায়ীদের ছাড় দেওয়ার চিন্তাও থাকা দরকার সরকারের তরফে। তা ছাড়া, স্টল বরাদ্দ লটারি মারফত হলেও মেলার বাইরে অজস্র ভুঁইফোড় প্রকাশনাকে অকাতরে ব্যবসা করতে না দেওয়াই উচিত।