অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের আওতায় সব ধরনের রক্ষাকবচ তৈরির বিষয়টি একটি গণতান্ত্রিক দাবি। নির্বাচন কমিশন আয়োজিত আনুষ্ঠানিক সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণ ইসির অধীনে সরাসরি ন্যস্ত করার জোরালো দাবি তুলেছিল। নির্বাচন কমিশনের অনেক আগেই উচিত ছিল এই ধরনের একটি বিরল ও কার্যকরী চিন্তাভাবনা কী করে বাস্তবে রূপ দেওয়া সম্ভব, তা নিয়ে দরকারি উদ্যোগ নেওয়া। তবে সময় এখনো শেষ হয়ে যায়নি।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এ-সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে যদিও বিতর্ক হয়েছে, কিন্তু বিষয়টির এখানেই যবনিকাপাত ঘটা উচিত নয়। বিষয়টি ইসি বৈঠকে আলোচনার জন্য অ্যাজেন্ডাভুক্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মত হওয়ার ঘটনাকে আমরা একটি অগ্রগতি হিসেবে দেখি। এ নিয়ে মত-দ্বিমতের ঘটনা ঘটেছে বলেই বিষয়টিকে পাশ কাটানো যাবে না। কারণ, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই প্রস্তাবের প্রতি প্রধান বিরোধী দলগুলো ছাড়া ক্ষমতাসীন জোটের শরিকেরাও একমত হতে পেরেছে। সুতরাং একে একটি গতানুগতিক প্রস্তাব বলা যাবে না। আর এই প্রস্তাব বাস্তবায়নে সরকারপ্রধানের রাজনৈতিক সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।
এটা সুখকর যে সৌদি আরব থেকে ফিরে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশকে স্বাগত জানানো হয়েছে। ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো তাদের সাত দফায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেছে, যা সংবিধানে নেই বলে ক্ষমতাসীন দল নাকচ করেছে। কিন্তু নির্বাচনকালে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির কাছে ন্যস্ত রাখা সংবিধানসম্মত বলেই প্রতীয়মান হয়। তা ছাড়া এটিও লক্ষণীয় যে প্রধান বিরোধী রাজনৈতিক পক্ষ বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক আপসের জায়গা আছে। কারণ, বিএনপি নির্দলীয় সরকারের দাবি ত্যাগ না করলেও নির্দিষ্টভাবে নির্বাচনের ৯০ দিন আগে ১১টি মন্ত্রণালয় ইসির অধীনে আনার একটি রূপরেখা কমিশনকে দিয়েছিল। আবার জাতীয় পার্টি প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও এই ব্যবস্থা চালুর সুপারিশ করেছে।
এমনও নয় যে গত বছরই এই ধারণা আমরা প্রথম জেনেছি। আসলে এটি একটি ধারণা হিসেবে একেবারে কম পুরোনো নয়। ২০০৮ সালের সাধারণ নির্বাচন সফলভাবে পরিচালনাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ছয়টি মন্ত্রণালয়কে ইসির অধীনে আনতে মত দিয়েছিল। সুতরাং বিষয়টিকে একজন নির্বাচন কমিশনারের ‘ভিন্নমত’ হিসেবে বিচ্ছিন্নভাবে দেখার সত্যিই কোনো অবকাশ নেই। একটি স্থায়ী সাংবিধানিক সংস্থা হিসেবে ইসির উচিত হবে এই উদ্ভাবনী প্রস্তাবের ধারাবাহিকতা বজায় রাখা।
গত কয়েক বছরে জনপ্রশাসনে ‘দলীয়করণ’ তীব্র হয়েছে বলে আমরা লক্ষ করি, যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই হয়তো সে কারণেই যতটা সম্ভব বেসরকারি খাত থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগে ইসির প্রতি সুপারিশ রেখেছে। সামগ্রিকভাবে নির্বাচনকালে জনপ্রশাসনের ওপর ইসির কার্যকর ও শক্তিশালী নিয়ন্ত্রণ রাখার একটি সর্বজনীন গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। গত বছর ইসির সংলাপে অংশগ্রহণকারী ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দল ওই ধারণার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। কিন্তু ইসি বিষয়টি কেবলই ‘সংবিধানসংশ্লিষ্ট’ বিবেচনায় সরকারের কাছে প্রেরণ করেনি।
এটা খুবই দুর্ভাগ্যজনক, যে ধরনের আনুষ্ঠানিকতায় বাছাই কমিটির মাধ্যমে বর্তমান ইসি গঠন করা হয়েছে, তারা তাদের কার্যক্রমে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তেমন কোনো ছাপ এখনো রাখতে পারেনি। ইসি তার নির্বাচনী অংশীজনদের কাছে ন্যূনতম গ্রহণযোগ্যতা বা মোটামুটি একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করতে পেরেছে বলে দাবি করাও তাই কঠিন থাকছে।