গণপিটুনি একটা প্রকাশ্য ও সরব ব্যাপার। কোথাও গণপিটুনির ঘটনা ঘটলে তার খবর আশপাশের জনপদগুলোতেও ছড়িয়ে পড়ে। আর যদি সে রকম কোনো ঘটনায় তিন তিনজন মানুষের মৃত্যু ঘটে, তাহলে সেই গণপিটুনির খবর ছড়িয়ে যায় আরও দূর–দূরান্তে। সুতরাং কোথাও তেমন ঘটনা ঘটলে আশপাশের লোকজন তা জানতে পাবে না, এটা হতেই পারে না।
অথচ যশোরের ঝিকরগাছা উপজেলার পুলিশ কর্তৃপক্ষ এমন এক প্রাণঘাতী গণপিটুনির ঘটনা ঘটেছে বলে দাবি করছে, যা সম্পর্কে আশপাশের লোকজন কিছুই জানে না। বুধবার সকালে ঝিকরগাছার কজন জেলে কপোতাক্ষ নদে মাছ ধরতে
গিয়ে যে তিনজন মানুষের মৃতদেহের মুখোমুখি হয়েছেন, স্থানীয় পুলিশ দাবি করছে, তাঁরা আগের রাতে কৃষ্ণনগর গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন।
কিন্তু কৃষ্ণনগর গ্রামের বাসিন্দারা বলছেন, মঙ্গলবার রাতে ওই গ্রামে ডাকাতি বা গণপিটুনির কোনো ঘটনা ঘটেনি। তিনটি লাশই দেখেছেন এমন এক গ্রামবাসী বলেছেন, তিনি ওই লাশগুলোর মাথা ও ঘাড় ছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি। তাহলে এই তিনজন মানুষ প্রাণ হারালেন কীভাবে?
এ বিষয়ে স্থানীয় পুলিশের ভাষ্য যে বিশ্বাসযোগ্য নয় তা ওই এলাকাবাসীর বক্তব্য থেকে পরিষ্কার। গ্রামবাসী আরও বলছেন, সোমবার রাতে কৃষ্ণনগরের ওয়াপদা বস্তি এলাকায় পুলিশি অভিযানের সময় ঝিকরগাছা থানার সহকারী একজন উপপরিদর্শক সন্ত্রাসীদের হাতে ছুরিকাহত হন। পুলিশ পরদিন বিকেলে সেখানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে নিয়ে যায়। স্থানীয় কিছু লোক প্রথম আলোকে বলেছেন, পুলিশের ছুরিকাহত হওয়ার সঙ্গে তিন ব্যক্তির নিহত হওয়ার ঘটনার যোগসূত্র থেকে থাকতে পারে। ছুরিকাহত হওয়ার ঘটনায় যে মামলা করা হয়েছে, নিহত তিন ব্যক্তির মধ্যে একজন সেই মামলার আসামি।
গ্রামবাসীর ভাষ্য সত্য হলে বিষয়টি অত্যন্ত গুরুতর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আইন যথাযথভাবে প্রয়োগ করা, নিজেদের হাতে তুলে নেওয়া নয়, আঘাতপ্রাপ্ত হয়ে চরম প্রতিশোধ নেওয়া নয়।
একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক, এটাই প্রত্যাশা।