১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত চুক্তি সই হয়, সেটি বাস্তবায়ন না হওয়ার দায় নয়াদিল্লি এড়াতে পারে না। বাংলাদেশ জাতীয় সংসদ চুক্তিটি ওই সময়ে অনুমোদন করলেও ভারতের পার্লামেন্ট অদ্যাবধি ঝুলিয়ে রেখেছে। ২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরকালে তিস্তা ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের সব প্রস্তুতি নিলেও সেসব কার্যকর হতে পারেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। হালে দৃশ্যত ‘বঙ্গেশ্বরীর’ মন গললেও আসাম রাজ্য বিজেপি বেঁকে বসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনেও তারা এটিকে ইস্যু করতে চায়। আসাম বিজেপি একদিকে বাংলাদেশকে ‘জমি ছাড়া যাবে না’ বলে দাবি করছে, অন্যদিকে কথিত অনুপ্রবেশ ইস্যু নিয়ে শোরগোল তুলেছে। এটি কেবল অযৌক্তিক নয়, উসকানিমূলকও।
আসামকে বাদ রেখে চুক্তি রূপায়ণের চিন্তা ভারতে!এই প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় সরকার আসামকে বাদ রেখে সীমান্ত চুক্তি বাস্তবায়নের চিন্তা করছে বলে গণমাধ্যমে যে খবর এসেছে, তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। এভাবে একের পর এক রাজ্যের দোহাই দিয়ে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি অকার্যকর রাখতে পারে না।
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশ বরাবরই সচেষ্ট। বিশেষ করে শেখ হাসিনার সরকার ভারতের নিরাপত্তাঝুঁকি কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। আমরা চাই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হোক। কিন্তু সেটি যে তিস্তার পানিবণ্টন ঝুলিয়ে রেখে কিংবা সীমান্ত চুক্তির বাস্তবায়ন না করে সম্ভব নয়, তা দিল্লিকে অনুধাবন করতে হবে।
আমরা মনে করি, চুক্তির আওতা থেকে কোনো রাজ্যকে বাদ দেওয়া যাবে না। আজ এক রাজ্যকে বাদ দিলে কাল অন্য রাজ্য একই আবদার তুলবে। তাই, আসামকে বাদ দেওয়ার চিন্তা না করে ৪১ বছর আগে সই করা চুক্তিটি অবিকল ভারতীয় পার্লামেন্টে পাস হতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উচিত ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া। আসাম ভারতের বাইরের কোনো ভূখণ্ড নয় যে তারা একটি আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা অগ্রাহ্য করবে।