আসামি না হয়েও কারাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, আদালতের সিলমোহর জাল করে একটি চক্র এসব ভুয়া পরোয়ানা তৈরি করে। পূর্বশত্রুতা কিংবা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে অনেকে এসব চক্রের সহায়তা নেয়। ভুয়া পরোয়ানাগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো ভুয়া। এতে বিচারকের সই ও সিলমোহর থাকে। স্মারক নম্বরও থাকে। অর্থাৎ, একটি পরোয়ানায় যা যা থাকে, সবই থাকে ভুয়া পরোয়ানায়। ফলে এসব পরোয়ানা যেসব থানায় পাঠানো হয়, সেসব থানার পুলিশ পরোয়ানাভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট আদালতও তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

সারা দেশে অনেক দিন ধরেই এভাবে ভুয়া পরোয়ানা জারি করে অনেক নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে এবং ঘটছে। অস্তিত্বহীন আদালত থেকেও পরোয়ানা জারির ঘটনা ঘটেছে। এভাবে ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে বেরিয়ে আসতেও নানা জটিলতা দেখা দেয়। তাঁদের পক্ষে জামিন চেয়ে আদালতে যাওয়ার পর মামলার নথি তলব করতে গেলে কোনো নথিপত্র খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ভুয়া পরোয়ানার রহস্য উদ্‌ঘাটনে মাসের পর মাস লেগে যায়। তত দিন পর্যন্ত নিরপরাধ মানুষের কারাবাস প্রলম্বিত হতে থাকে।

আমরা জানি যে কোনো মামলায় বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়ার পর সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আদালতের নির্ধারিত পরোয়ানা ফরমে আসামির নাম-ঠিকানা ও মামলা নম্বর লিখে স্মারক নম্বর দিয়ে থাকেন। তারপর তা আদালতে দায়িত্বরত ব্যক্তি প্রসিকিউশনের (পুলিশ) কাছে পাঠান। সেখানে আরেকটি স্মারক নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট ঠিকানার আওতাধীন পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে থানায় যায়। প্রশ্ন হচ্ছে এতগুলো ধাপ পেরোনোর পর কীভাবে ভুয়া পরোয়ানাগুলো থানা-পুলিশের কাছে যায়? তারা কি এসব পরোয়ানা যাচাই করে দেখে না? এ ক্ষেত্রে পুলিশ ও আদালতের কর্মচারীদের যোগসাজশ থাকে কি না, তা খতিয়ে দেখা উচিত।

পুলিশ ও নিম্ন আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে না পারলে ভুয়া পরোয়ানার হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সম্ভব হবে না। কোনো দেশের বিচারব্যবস্থা, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এ পরিস্থিতির অবসান ঘটাতে হবে। সরকারকে এ ব্যাপারে তৎপর হতে হবে। ভুয়া পরোয়ানা তৈরির চক্রগুলোকে শনাক্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।