আসামে হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য আসামে নাগরিকত্ব নিয়ে যে বাঙালি ও অসমিয়াদের মধ্যে চাপান-উতর চলছিল, তা-ই চূড়ান্ত রূপ নিল গত বৃহস্পতিবার তিনসুকিয়ার হত্যাকাণ্ডে। সামরিক পোশাকধারী ব্যক্তিরা সেখানে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে পাঁচ বাঙালিকে হত্যা করে; যদিও তারা কেউ সামরিক বাহিনীর লোক ছিল না। পুলিশের দাবি, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, যদিও উলফা এর দায় অস্বীকার করেছে।

এমন সময়ে এ হত্যাকাণ্ড ঘটল, যখন নাগরিক পঞ্জি নিয়ে আসামে বাঙালি হিন্দু ও মুসলমানরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছিল। এ ঘটনা তাদের আরও নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিল। হত্যাকাণ্ডের বিরুদ্ধে আসামে এক দিনের বন্‌ধ্‌ পালিত হয়েছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের এনডিএ ও আসামের বিজেপি সরকারের নীতি স্ববিরোধী ও বৈষম্যমূলক। তারা একদিকে হত্যাকাণ্ডের নিন্দা করেছে, অন্যদিকে আসামে বাঙালিবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। ২০১৫ সালে আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে সেখানে বাঙালিবিরোধী তৎপরতা বাড়তে থাকে। শুরু থেকে সরকার কার্যকর ব্যবস্থা নিলে হয়তো উগ্রপন্থীরা হত্যাকাণ্ড ঘটাতে সাহস পেত না।

জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদ করার নামে সেখানে ৪০ লাখ লোককে অনাগরিক ঘোষণা করা হয়েছে, যার প্রায় সবাই বাঙালি হিন্দু অথবা মুসলমান। ১৯৫১ সালের পর এই প্রথমবার ভারতের আসাম রাজ্যে নাগরিক পঞ্জি হালনাগাদ করা হয় রাজ্যে বসবাসকারী কথিত বহিরাগতদের চিহ্নিত করার উদ্দেশ্যে। ২৫ মার্চ ১৯৭১-কে এর ভিত্তি ধরা হলেও আগে থেকে বসবাস করা বাঙালি হিন্দু ও মুসলমান এর বাইরে থেকে গেছে। কোনো পরিবারে মা-বাবা তালিকাভুক্ত হলেও পুত্র–কন্যারা থেকে গেছে তালিকার বাইরে।

নাগরিকত্ব নিয়ে আসামে এখন ত্রিমুখী সংকট চলছে। চরমপন্থী অসমীয়রা হিন্দু-মুসলমাননির্বিশেষে সব বাঙালির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবার ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে, তালিকাপঞ্জির মূল লক্ষ্য বহিরাগত মুসলমান, হিন্দু বাঙালিদের কোনো সমস্যা হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে হিন্দু বাঙালিরাই চরমপন্থী অসমীয়দের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশের পর বাঙালিবিরোধী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি কয়েকটি চরমপন্থী সংগঠন সশস্ত্র অভিযান শুরু করে, যার একটির নেতৃত্বে আছেন পরেশ বড়ুয়া। তিনি দীর্ঘদিন বাংলাদেশে পলাতক ও কারাবন্দী ছিলেন।

বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা উদ্বিগ্ন এ কারণে যে প্রতিবেশী মিয়ানমারে রোহিঙ্গা নিধনের পর ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আসামেও বাঙালিবিরোধী তৎপরতা বাড়তে থাকলে এর প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর নীতি বাংলাদেশের নেই। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েন কোনোভাবেই যাতে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।