তথাকথিত বাঙালি হিসেবে চিহ্নিত করে মিয়ানমার সরকারের রোহিঙ্গা বিতাড়নের কারণে বাংলাদেশের ঘাড়ে যে শরণার্থী সমস্যা চেপে বসেছে, সেই একই ধরনের আরেক সমস্যা দেশটির ওপর এসে পড়বে কি না, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। এখন যেটা ভরসা, সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের অব্যাহত ঘনিষ্ঠতা ও হার্দিক সম্পর্ক, যা মিয়ানমারের সঙ্গে অনুপস্থিত।
আসামের নাগরিকত্বের তালিকাটি প্রাথমিক খসড়া হলেও ১ কোটি ৩৯ লাখ মানুষের নাম বাদ পড়ার বিষয়ে বাংলাদেশের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা আশা করব, ভারত সরকার এর সম্ভাব্য পরিণতি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেবে। বাংলাদেশকে তো সর্বাত্মক কূটনৈতিক উদ্যোগ নিতেই হবে, কিন্তু ভারতের ক্ষমতাবলয়ের মধ্যে
যাঁরা আন্তরিকভাবে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান, তাঁদের এখনই এর বিপদ অনুধাবন করে যথা–পদক্ষেপ নেওয়া উচিত। আমরা আসাম সরকারের কৌশলে সত্যিই বিচলিত। কারণ, আসাম বিজেপির সাধারণ সম্পাদক ও মুখপাত্র রূপম গোস্বামী বলেছেন, এতে বিজেপির কোনো হাত নেই। নাগরিকত্ব প্রক্রিয়ার পুরোটাই চলছে খোদ সুপ্রিম কোর্টের তদারকিতে। বিরোধী দলের সমালোচনার মুখে বিজেপির এই কৌশলগত অবস্থান আশা করি বাংলাদেশ-ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ছায়া ফেলবে না।
আমরা বিশ্বাস করি, ভারত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে যে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা পরিস্থিতি সামলাতে জেরবার বাংলাদেশের জনগণ আসামের পরিস্থিতিতে গভীরভাবে বিচলিত বোধ করতে পারে। সুতরাং ভারতের তরফে আমরা প্রকাশ্যে আশ্বস্ত হতে চাই যে চূড়ান্ত তালিকায় এতটা বিপুলসংখ্যক না হলেও যারাই বাদ পড়বে, তাদের পুনর্বাসন তারা কীভাবে করবে। যদিও এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যখন আসামের বিজেপি নেতারা উঠতে-বসতে কথিত অবৈধ বাংলাদেশিদের বহিষ্কারের কথা বলেন, তখন বিষয়টি আর অভ্যন্তরীণ থাকে না।
আমরা ভারতের নীতিনির্ধারকদের কাছে দূরদর্শী ও প্রজ্ঞাবান সিদ্ধান্ত আশা করি। আসামের নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ বলেছেন, প্রাথমিক তালিকায় ৭০ শতাংশ বাঙালির নাম বাদ পড়েছে। আসামের কংগ্রেস নেতারা যথার্থই প্রাথমিক তালিকার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা এটা দেখে বিস্মিত যে আসামের বিধানসভার কংগ্রেস দলের দুজন সদস্যসহ আরও কিছু স্বনামধন্য নেতা ও বিধায়কের নাম দিব্যি বাদ পড়েছে। আসামের বিধানসভার বিরোধীদলীয় নেতা দেবব্রত সাইকিয়া এর আগে সুপ্রিম কোর্টে ২ কোটি ৩৮ লাখ নামের ছাড়পত্র-সংক্রান্ত তথ্য প্রকাশের পর এখন মাত্র ১ কোটি ৯০ লাখ নাম প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিষয়টি আইনি নয়, একান্তভাবেই রাজনৈতিক। সুতরাং আমরা ঢাকার প্রতি দিল্লির রাজনৈতিক শুভেচ্ছা ও সদিচ্ছার দিকেই বেশি মনোযোগী থাকব।