আসিয়া ও আয়েশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশা বিবি নামে আফগান তরুণীটির কথা আপনাদের নিশ্চয় মনে আছে। টাইম ম্যাগাজিনের কল্যাণে তাঁকে এখন কে না চেনে। স্বামী ও শ্বশুর মিলে তাঁর নাক ও কান কেটে ঘর থেকে বের করে দিয়েছিলেন। নাককাটা ছবি দেখে আমেরিকার একটি সাহায্য সংস্থা মেয়েটিকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসে। এখানে তাঁর প্লাস্টিক সার্জারি হবে, এর আয়োজন চলছে। তা না হওয়া পর্যন্ত মেয়েটিকে নকল নাক ও কান পরানো হয়েছে। পুরোনো জখম আর নেই। ছবিতে দেখুন, মুখে কেমন হাসি ফুটেছে।মুখে হাসি ফোটার অন্য কারণ তাঁর শ্বশুর সুলেমান ধরা পড়েছেন। এই লোকই আয়েশাকে ঠেসে ধরেন, আর তাঁর স্বামী কুদরতুল্লাহ ধারালো চাকু দিয়ে নাক ও কান কেটে দেন। গ্রামের বাইরে এক বাজারে এসেছিলেন সুলেমান। পুলিশ দেখেই পালাতে চেষ্টা করেন তিনি। কিন্তু মাইল দেড়েক দৌড়ানোর পর পুলিশ তাঁকে ঠিকই ধরে ফেলে। বউ পেটানোর ঘটনা অবশ্য আফগানিস্তানে হরহামেশাই ঘটে। নাক-কান কাটার ঘটনাও। ধর্মে মেয়েদের ওপর অত্যাচার বারণ, অথচ সেখানে হাজার বছর ধরে মেয়েদের ওপর নিগ্রহ চলছে ধর্মেরই নামে। যে যুবকটির সঙ্গে তাঁর বিয়ে হয়, তিনি স্থানীয় তালেবান বাহিনীর কমান্ডার। গ্রামে তাঁর প্রবল দাপট, ধার্মিক বলে তাঁর বিস্তর সুনাম। তিন-তিনবার মেয়েটি শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়েছিলেন। কিন্তু তাঁর বাবা নিজেই তাঁকে শ্বশুরবাড়ি ফেরত দেন। মেয়ে মার খাবে, তা জেনেশুনেই পাঠিয়েছিলেন। মার খাক, তাও ভালো, কিন্তু ধর্মের বরখেলাপ করা যাবে না! নাক কাটা যাওয়ার পর ফের পালিয়ে আসেন মেয়েটি, কিন্তু এবার আর বাবার বাসায় নয়। কাবুলে এসে এক সাহায্য সংস্থায় তিনি আশ্রয় নেন। বিদেশি পত্রিকায় ছবি ছাপা হলে আমেরিকার একটি সংস্থা তাঁকে এ দেশে এনে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা করে। এমন না ঘটলে ওই মেয়েকে সম্ভবত ফের তাঁর তালেবান স্বামীর কাছে ফিরে যেতে হতো, আর খ্যাদা নাক নিয়ে বেঁচে থাকতে হতো।আয়েশা বিবি বেঁচে গেলেও আসিয়া বিবির বেলায় ভাগ্য এখনো অনিশ্চিত। এই নারীর কথাও আপনারা হয়তো শুনেছেন। পাকিস্তানে খ্রিষ্টানের সংখ্যা হাতেগোনা। তাদের একজন এই আসিয়া। নেহাতই সাধারণ মানুষ, প্রায় অশিক্ষিত ও নিঃস্ব। ধর্মের অবমাননা করায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানি প্রেসিডেন্ট ক্ষমা না করলে আগামী দিন কয়েকের মধ্যেই তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে। দেশে-বিদেশে এই নিয়ে প্রতিবাদ উঠেছে, তাদের প্রতিবাদের জন্যই আসিয়া বিবিকে হয়তো ক্ষমা করা হতেও পারে। কিন্তু রাষ্ট্র যদিও বা ক্ষমা করে, মোল্লারা সেই ক্ষমা মেনে নেবেন বলে মনে হয় না। একাধিক পাকিস্তানি মোল্লা আসিয়া বিবিকে খুন করতে পারলে পুরস্কার হিসেবে মোটা টাকা ঘোষণা করেছেন। এঁদের একজন ইউসুফ কোরাইশি। তিনি বলেছেন, আসিয়াকে খুন করলে তিনি নিজ পকেট থেকে দেবেন পাঁচ লাখ টাকা।কী এমন ভয়াবহ অপরাধ এক সাধারণ পাকিস্তানি নারীর পক্ষে করা সম্ভব যে তাঁকে নিয়ে এমন হুলুস্থুল কাণ্ড হবে? বলা হচ্ছে, যেখানে আসিয়া কাজ করতেন, সেখানে জনাকয় মুসলমান মেয়ের সঙ্গে তাঁর ধর্ম নিয়ে তর্কাতর্কি হয়। তাঁদের কাছে আসিয়া নাকি বলেছেন, যিশুই একমাত্র সত্য নবী। সে কথা বলায় প্রথমে তাঁকে বেদম প্রহার করা হয়, পরে থানায় ঢোকানো হয়। পাকিস্তানে ‘ব্লাসফেমি’ আইন চালু আছে। সেই আইনের অধীনে মামলা ঠুকে দেওয়া হয় আসিয়ার বিরুদ্ধে। সেই মামলার রায়েই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।নিরক্ষর, প্রায় নিঃস্ব এক নারী নবী-পয়গম্বরদের নিয়ে কী বললেন আর না বললেন, তাতে কী আসে-যায়! ওই নারী যা বলেছেন, যদি তা বলেই থাকেন, সে কারণে কি কোনো পয়গম্বর এক নম্বর থেকে দুই নম্বরে নেমে এলেন? সব ধর্মের নবীই আজীবন ক্ষমা ও সহানুভূতির কথা শিক্ষা দিয়ে এসেছেন, ভিন্নমত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাঁদের সেই শিক্ষা ভুলে আমরা কি কেবল ঘৃণা ও প্রতিহিংসার আগুনই ছড়াতে থাকব? বুঝলাম আসিয়ার সহকর্মীরা তাঁরই মতো নিরক্ষর ও অশিক্ষিত, কিন্তু মাওলানা কোরাইশি সাহেব তো ধর্মবিদ্যায় মহাপণ্ডিত। একজন মানুষের জীবন নিয়ে নেওয়ার এমন অধিকার তিনি কোথায় পেলেন? অপরাধ যদি আসিয়া করে থাকেন, তো তা আল্লাহর কাছে। চূড়ান্ত বিচারের ভারটা তাঁর হাতে ছেড়ে দেওয়ার বদলে নিজের হাতে তুলে নেওয়ার এমন ঔদ্ধত্য তিনি পেলেন কোথা থেকে?ব্লাসফেমি অ্যাক্ট নিয়ে পাকিস্তানে বিস্তর গোলমেলে কাণ্ড চলছে অনেক দিন থেকেই। কেউ একজন ইসলাম ধর্মের অবমাননাকর কোনো কথা নিজের কানে শুনেছে বলে দাবি করলেই হলো। যে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায়। গ্রাম-গঞ্জে ব্যক্তিগত শত্রুতাবশত অনেকেই এ আইনের সুযোগ নিয়ে নালিশ ঠুকে দিচ্ছে। এই আইনের কারণে সবচেয়ে বিপদে পড়েছে পাকিস্তানের সংখ্যালঘু খ্রিষ্টান, বাহাই ও ইসমাইলিয়া সম্প্রদায়ের লোকেরা। সম্প্রতি এক অদ্ভুত ঘটনায় নওশাদ ওয়ালিয়ালি নামের ইসমাইলিয়া সম্প্রদায়ের এক ডাক্তারকে জেলে ঢোকানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মোহাম্মদ ফায়জান নামের এক ওষুধ কোম্পানির সেলসম্যান দিন কয়েক আগে এসেছিলেন ডাক্তার ভদ্রলোকের কাছে। অভিযোগ উঠেছে, তিনি নাকি মোহাম্মদ ফায়জানের বিজনেস কার্ড হাতে নিয়ে তা আবর্জনার ঝুড়িতে ফেলে দেন। তা দেখে ওষুধ বিক্রেতা চেঁচামেচি শুরু করে দেন। তাঁর অভিযোগ, শুধু তাঁকে নয়, আল্লাহর রসুলকে অপমান করা হয়েছে। কারণ কার্ডে ‘মোহাম্মদ’ নামটি লেখা ছিল। ব্যাপারটা এখানে শেষ হলে বলার কিছু ছিল না। ওষুধ বিক্রেতা ভদ্রলোক ও তাঁর বন্ধুরা এরপর সদলবলে ডাক্তার ভদ্রলোককে আক্রমণ করে বসেন এবং ব্লাসফেমি অ্যাক্টের অধীনে তাঁর নামে মামলা ঠুকে দেন। ব্যস, পুলিশ কালবিলম্ব না করে নওশাদ ওয়ালিয়ালিকে ধরে নিয়ে যায়। ইসলাম ধর্মের অবমাননা করার কোনো ইচ্ছাই তাঁর ছিল না—এ কথা বলে বারবার ক্ষমা ভিক্ষা চাইলেও কাজ হয়নি। ভদ্রলোক এখন বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।এমন এক কাণ্ড আমরা হেসে উড়িয়ে দিতে পারি, কিন্তু নওশাদ ওয়ালিয়ালির জন্য তা হাসির ব্যাপার নয়। পাকিস্তানি বুদ্ধিজীবী আদিল নাজাম লিখেছেন, তাঁর দুই ছেলের নামের মাঝে মোহাম্মদ রয়েছে। কখনো কখনো ঘরের কাজ সময়মতো না করলে তাদের দুজনকেই নাম ধরে (অর্থাৎ মোহাম্মদ বলে) তিনি বকাঝকা করেন। ‘তো এখন কি আমাকেও ব্লাসফেমি আইনে ঝোলানো হবে নাকি?’ ভদ্রলোক প্রশ্ন করেছেন।এই ব্লাসফেমি অ্যাক্ট পাকিস্তানে চালু হয় প্রেসিডেন্ট জিয়াউল হকের সময়, ১৯৮৬ সালে। ইসলাম ধর্মে মহানবীর বিরুদ্ধে অবমাননাকর উক্তি বা কর্মের জন্য মৃত্যুদণ্ড, তার বিকল্পে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়। ১৯৯১ সালে আইনটি সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডের বিকল্প ব্যবস্থা হিসেবে শুধু মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এই আইনের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে আহমদিয়া সম্প্রদায়ের লোকেরা। এ পর্যন্ত ব্লাসফেমি আইনে কম করে হলেও ১০০ জন আহমদিয়াকে অভিযুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ চার-পাঁচ বছর ধরে জেলে আটক রয়েছেন। চূড়ান্ত রায় ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছে দেশের বাইরে প্রচণ্ড সমালোচনার ভয়ে। দেশের ভেতরে কিন্তু এ নিয়ে তেমন কোনো শোরগোল নেই। পাকিস্তানে সংখ্যালঘুরা এমনিতেই ‘সেকেন্ড ক্লাস সিটিজেন’, তাদের জন্য স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা চালু রয়েছে। যখন-তখন তাদের উপাসনালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে বোমাবাজি হচ্ছে। ধর্মবিরোধী বলে চিহ্নিত হওয়ার ভয়ে অধিকাংশ মানুষ এ বিষয়ে প্রতিবাদ করার সাহসটুকু পর্যন্ত হারিয়েছে।আমি বিশ্বাস করতে চাই, পাকিস্তানে সবাই উন্মাদ নয়। ধর্মের কথা উঠলেই সবাই সেখানে খঞ্জর তুলে ধরে, তাও হয়তো নয়। কিন্তু ধর্মের নামে সেখানে যে অসহিষ্ণুতা রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রায় প্রতিদিনই সেখানে তালেবানি কায়দায় বোমাবাজি হচ্ছে সংখ্যালঘুদের লক্ষ্য করে, কখনো কখনো মেয়েদের লক্ষ্য করেও। সে দেশের মানুষও এসব বেশ মেনে নিয়েছে। পত্রপত্রিকায় দু-চারটে লেখালেখি হয় বটে, কিন্তু নাগরিকদের মনে কোনো বিদ্রোহ নেই। আসলে রাজনীতিবিদদের চালবাজিতে সে দেশে ধর্ম এখন সবচেয়ে বড় ট্রাম্পকার্ড। পাকিস্তান সৃষ্টির গোড়া থেকেই রাজনীতিবিদেরা চেষ্টা চালিয়েছেন কে কত বড় ধার্মিক তা প্রমাণে। আর নিজের ধার্মিকতা প্রমাণের সবচেয়ে বড় মাপকাঠি হলো কে অন্য ধর্মের ব্যাপারে কত বেশি অসহিষ্ণু, তা জাহির করা। ইউসুফ কোরাইশির মতো চতুর লোকের অভাব সেখানে নেই। আসিয়ার গর্দানের বদলে নগদ পুরস্কার ঘোষণা করে তিনি এখন রীতিমতো হিরো। পত্রিকায় ছবি, টিভিতে ইন্টারভিউ, টক শোতে বিশেষ নিমন্ত্রণ। এর পরের ধাপেই নির্ঘাৎ ভদ্রলোক ইলেকশনে দাঁড়াবেন।কথায় বলে, যেমন দেশ তেমন তার নেতা। কিন্তু কখনো ‘যেমন নেতা তেমন দেশ’ সে কথাও সত্য প্রমাণিত হয়। শুধু পাকিস্তানকে দেখে নয়, আমাদের বাংলাদেশকে দেখেও সে কথা বোঝা যায়। পাঁচ-সাত বছর আগেও বাংলাদেশ বিশ্বে পরিচিত ছিল ‘ইসলামি উগ্রবাদিতার পরবর্তী ভূ-স্বর্গ’ হিসেবে। এক দিনে পাঁচ ডজন বোমা ফাটিয়ে উগ্রবাদীরা সে কথার মানও রেখেছিল। কোনো কোনো ধর্মগুরু সে সময় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে দাবি করা শুরু করেছিলেন, তাঁদের কথাকে ‘ফতোয়া’ বলে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ তারা যদি বলে অমুককে ধরে জেলে ঢোকাও, সরকারকে সে কথাই মানতে হবে। দেশে যে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছিল, তার কারণ ছিল, মোল্লাদের পেছনে ছাতা ধরে দাঁড়িয়েছিল রাষ্ট্রক্ষমতায় আসীন নেতা ও দল। তারা বুঝেছিল, দেশের মানুষকে বোকা বানানোর জন্য ধর্মের চেয়ে মোক্ষম জিনিস আর নেই। কিন্তু কখনো কখনো অতি চালাকের গলায় দড়িও পড়ে। কিছু লোককে তারা বোকা বানাতে পেরেছিল বটে, কিন্তু সব লোককে সব সময়ের জন্য বোকা বানানো তাদের পক্ষে সম্ভব হয়নি। আজকের বাংলাদেশই তার প্রমাণ। এই বাংলাদেশকে যে কেউ আর এখন ‘কুকুন অব ইসলামিক টেররিজম’ বলে ঢোল বাজায় না। তার কারণ ক্ষমতার হাতবদল।কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসারও কোনো কারণ নেই। ধর্ম-ব্যবসায়ীরা বসে নেই। ধর্মের নামে ঠিকাদারি করেই তাদের শান-শওকত। সুদিন ফিরে পেতে তারা ডান-বাম-চৌমহল চষে ফিরবে, তাতে অবাক কি! কানে আসছে, তারা আবার হাতে হাত মেলাচ্ছে, হরতালের হুমকি দিচ্ছে। সঙ্গে রয়েছে সেই পুরোনো ছত্রধর। হুঁশিয়ার, তন্দ্রা থেকে উঠে দাঁড়ানোর এখনই সময়। আয়েশা ও আসিয়ার মতো ঘটনা আমাদের দেশেও ঘটতে পারে। তা ঠেকানোর দায়িত্ব আমাদের, সে কাজ শুরু করতে হবে এখনই, আজ থেকেই।নিউইয়র্কহাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।