ব্লগার আহমেদ রাজীব হায়দারের নৃশংস হত্যা, কক্সবাজারে প্রায় উন্মুক্ত যুদ্ধের পরিস্থিতি আর সোমবার ১৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হরতালের ডাকে দেশ হঠাৎ করে অশান্ত হয়ে উঠছে।শাহবাগের স্বাধীনতা প্রজন্মের আন্দোলনে দেশ এখন প্রায় সপ্তাহ দুয়েক ধরে উজ্জীবিত, নতুন প্রতিজ্ঞায় প্রজ্বলিত, নতুন চেতনা আর শাশ্বত মূল্যবোধে উদ্ভাসিত। এই প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ আবার দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে, তার ছোঁয়া লাগছে সারা দেশের আনাচকানাচে।গত কয়েক দিন সাত-আট বছরের ছেলের প্রশ্ন, ‘রাজাকার কী’ থেকে প্রায় ত্রিশ বা ত্রিশোর্ধ্ব বিদেশে বড় হওয়া যুবক-যুবতীর আমার কাছে মুক্তিযুদ্ধ-সংক্রান্ত কোন কোন বই পড়বে তার নাম জানতে চেয়ে প্রশ্ন—এসবও এ গণজাগরণের বহিঃপ্রকাশ।আঁধার আছে বলেই আলো। আর আলোর পেছনেই আঁধার। প্রজন্ম চত্বরে এত সুন্দরভাবে এত ভালোভাবে প্রায় সপ্তাহ দুয়েক ধরে যখন চলছে সুন্দর আর ভালোর মেলা, তখন পেছন থেকে আঁধার-অন্ধকার চেষ্টা করছে সবাইকে, সবকিছুকে গ্রাস করতে।নৃশংসতা, বীভৎসতা সব সময়ই অন্ধকার আর খারাপের মূল মন্ত্র। ১৯৭১-এর ২৫ মার্চের রাতে নির্বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস-হলগুলোতে মেশিনগান আর ট্যাংক-কামানের গোলা নিক্ষেপ করা থেকে শুরু করে ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড—সবই এই নৃশংসতা আর বীভৎসতার বহিঃপ্রকাশ। গত কয়েক মাসের জামায়াত-শিবিরের তাণ্ডব এই প্রক্রিয়ার অংশ। অন্ধকারের অংশ।যারা নৃশংস, যারা বীভৎস, যারা অন্ধকারে নিমগ্ন, তারা নিরীহ মানুষকে হত্যা করে আগুন জ্বালায়, ধর্ষণ করে, ভাঙচুর করে, চোরাগোপ্তা আক্রমণ করে—কারণ, এটাই তাদের ‘রাজনীতি’।এই ‘রাজনীতি’তে শুধু নিরীহ সাধারণ মানুষ, আবালবৃদ্ধবনিতা খুন-জখম হয় না, গোটা সমাজ, জাতি, দেশ হয়ে পড়ে ক্ষতবিক্ষত। সেই ‘রাজনীতি’ আমাদের-আপনাদের বাংলাদেশকে এখন গ্রাস করতে যাচ্ছে। তাই সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে।ছোটবেলায় নীতিবাক্য পড়তাম—কলম তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী। ব্লগার আহমেদ রাজীব হায়দার নিশ্চয় সে নীতিবাক্যে বিশ্বাস করত। কলমের বদলে ব্লগে লিখত কি-বোর্ডে অক্ষর টাইপ করে। তাকে কুপিয়ে মারা হয়েছে। কারণ, যারা অন্ধকারের বাসিন্দা, যুক্তি-বুদ্ধি বা বিদ্যার বদলে তার সম্বল অস্ত্র—নিরীহ মানুষ মারার অস্ত্র। অস্ত্র তারা যেমন ব্যবহার করেছিল নিরীহ মানুষের ওপর ১৯৭১ সালে, তেমনি এখন আবার শুরু করেছে ব্যবহার করা। কোনো কোনো দিন এলোপাতাড়িভাবে রাস্তাঘাটে তাদের সামনে যে পড়ছে তার ওপর, আর কখনো কখনো সাংঘাতিক ঠান্ডা মাথায় রাজীব হায়দারদের খুন করার জন্য, যেমন করেছিল ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। ২.একাত্তরে আমরা ভয় পাইনি। বাঙালি পিছপা হয়নি। তবে তখন আমাদের দেশ ছিল না। এখন দেশ আছে—বাংলাদেশ।তখন লক্ষ্য ছিল দেশ তৈরি, স্বাধীনতা। এখন দরকার নৃশংসতা-বীভৎসতার কবল থেকে দেশ রক্ষা। এটা আমরা করব যুক্তি দিয়ে, আহ্বান দিয়ে, আন্দোলন দিয়ে—সর্বোপরি আইন মেনে গণতান্ত্রিকভাবে। তাদের পঙ্কিলতা যাতে আমাদের কলুষিত না করে, সেটা আমরা নিশ্চিত করব। কারণ, আমাদের মূল্যবোধ সভ্যতার মূল্যবোধ—মধ্যযুগের অন্ধবিশ্বাসপ্রসূত বর্বরতাকে আমরা ঘৃণা করি। পেছনফেরা দুটো বাক্য। বছর দুয়েক আগে সরকার যখন হঠাৎ করে ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে উত্তর আর দক্ষিণ নামে দুটি সিটি করপোরেশনে বিভক্ত করল, তখন বিএনপি হরতাল ডেকেছিল। সেই হরতালের দিন আমাদের কয়েকজনের নামে এই প্রথম আলোতে একটা লেখা ছাপা হয়েছিল, যে লেখায় আমরা হরতালকে সমর্থন করেছিলাম। তার জন্য অনেক গালমন্দ শুনতে হয়েছিল, পত্রিকায় সমালোচনামূলক লেখা ছাপা হয়েছিল। ব্লগেও ছিল অনেক সমালোচনা। এবার অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন। আসুন, আমরা সবাই মিলে জামায়াত-শিবিরের ডাকা আজকের হরতাল বর্জন করি। অবশ্য হরতাল এখন লাঠিসোঁটার দিন, ভাঙচুরের দিন, আগুন দেওয়ার দিন, বোমা ফাটানোর দিন। আর জামায়াত-শিবিরের হরতাল মানে এখন গোলাগুলির দিন, নিরীহ মানুষ হত্যার দিন, নির্বিচারে মানুষ বলি দেওয়ার দিন। এত সব বর্বরতাকে আমরা কীভাবে বর্জন করব। যেটা আমরা করি না, সেটা তো আমরা বর্জন করতে পারব না। আমরা পারব সঠিক রাজনীতি করতে—অর্থাৎ বীভৎসতা, নৃশংসতা, বর্বরতাকে একঘরে করার, তাদের বর্জন করার, বর্জন করার নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে। প্রজন্ম চত্বর থেকে জামায়াত-শিবিরের অর্থ জোগানদাতা হিসেবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম এসেছে। জঙ্গিবাদের অর্থ বা অন্য কোনোভাবে সহায়তাকারী সব ধরনের প্রতিষ্ঠান সারা পৃথিবীতেই এখন অস্পৃশ্য। স্বাধীনতা প্রজন্ম যে আহ্বান জানিয়েছে, সরকারকে তা গভীরভাবে আমলে নিয়ে অনুসন্ধান করে দেখতে হবে যাতে সরলবিশ্বাসে সাধারণ গ্রাহকের ব্যাংকে গচ্ছিত অর্থ আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণে সহায়ক ভূমিকা পালন না করে। আর ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তাদেরও ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এখন ‘ইসলামি ব্যাংকিং’ প্রায় সব ব্যাংকেই আছে। এমনকি বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোও ইসলামি ব্যাংকিং ডিপার্টমেন্ট খুলেছে। একইভাবে চিকিৎসা তো শুধু একটা হাসপাতাল দেয় না বা কোচিং সেন্টার অথবা টেলিভিশন চ্যানেল দেশে শুধু একটাই নয়।কেউ যদি জামায়াত-শিবিরের নেতা-কর্মী বা সমর্থক হোন, তাহলে তিনি এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত বা অব্যাহত রাখতে চাইবেন। কিন্তু যাঁরা ধর্মাশ্রয়ী তথাকথিত রাজনীতির বদলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতা, শান্তি ও উন্নতিতে বিশ্বাস করেন, তাঁরা কি চাইবেন তাঁদের ব্যাংকের, চিকিৎসা বা কোচিংয়ের মুনাফায় এ দেশে খুনখারাবি বাড়ুক? রাজীব হায়দারের মতো আরও তরুণ লাশ হোক? সারা বিশ্বে সামগ্রিক আন্দোলনের একটা প্রধান অবলম্বন হলো, বর্জন। বর্জন অনেক বড় অর্জনের হাতিয়ার হিসেবে কাজ করেছে যুগে যুগে, দেশে দেশে।প্রজন্ম চত্বর থেকে ইতিমধ্যে আহ্বান এসেছে, জামায়াত-শিবিরের হরতাল বর্জন করার। আমি নিশ্চিত যে তাঁরা তাঁদের হরতাল বর্জনের আহ্বান আরও জোরালোভাবে ব্যক্ত করবেন এবং সব ধরনের সংবাদমাধ্যম এই আহ্বান বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেবে।আর তরুণ প্রজন্ম যেমনটি বলেছে, গতকাল সবাই পতাকা উড়িয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে, ঘরে ঘরে, গাড়িতে-রিকশায়-বাসে। লাল-সবুজের বাংলাদেশের পতাকা। ভবিষ্যতেও ওড়াবে। লাল রক্ত দিয়ে শান্তির সবুজ আমরা পেয়েছি। যারা আমাদের রক্তাক্ত করেছিল, তারা আবার দেশের মানুষের শান্তি বিনষ্ট করছে। আরও করার জন্য তারা তাদের ধারালো ছুরি বের করেছে।তাদের কবল থেকে রক্ষা পেতে সবাইকে অন্তত একটা ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে হবে। আর তা হলো, রাজনীতিতে সহিংসতা, খুন-জখম, নিরীহ ব্যক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা যায় না।এখন নেতৃত্ব স্বাধীনতা প্রজন্মের হাতে। তাদেরই দিকনির্দেশনা দিতে হবে। বলাবাহুল্য, একদিকে হালুয়া-রুটি আর অন্যদিকে সহিংসতার রাজনীতির দেশে কাজটি কঠিন। কিন্তু এখন নেতৃত্ব নতুন স্বাধীনতা প্রজন্মের হাতে। এক রাজীব হায়দারের জায়গা নেবে শত-সহস্র-লক্ষ রাজীব হায়দার।মধ্যবয়সের শেষে প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে যখন লক্ষ করা শুরু করেছি যে শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গই হাল ছেড়ে দিচ্ছে, কাজ করছে না ঠিকমতো, আর গত কয়েক মাসে দেশটা ক্রমান্বয়ে হয়ে যাচ্ছিল আলোহীন, তখনই শাহবাগের স্বাধীনতা প্রজন্ম দেশসুদ্ধ জনগণকে নতুনের, ভালোর আলোর সন্ধান দিয়েছে।১৯৭১-এর মতো দেশ আবার সদর্পে আপসহীন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে দুর্ভাগ্য হলো, ১৯৭১-এর শত্রুরাই আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। ১৯৭১-এ তাদের খতম করা হয়েছিল অস্ত্র দিয়ে। এবারের অস্ত্র বর্জন এবং নেতৃত্ব স্বাধীনতা প্রজন্মের। ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট।