বিশ্বে আজকের দিনে নতুন সমস্যা হলো বার্ধক্য। মানুষের আয়ু বৃদ্ধি পাওয়ায় প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। বাংলাদেশেও বার্ধক্য একটি গুরুতর সমস্যা। পরিসংখ্যানে দেখা গেছে, আগামী দুই প্রজন্মে বিশ্বে ৬০ বছর (জাতিসংঘ ৬০ বছরকে বৃদ্ধ বলে চিহ্নিত করেছে) বয়স্ক মানুষ মোট জনসংখ্যার ১২ শতাংশ হবে। বর্তমানে এ বয়সী মানুষের সংখ্যা ৬০৬ মিলিয়ন বা ২০৫০ সালে হবে দুই বিলিয়ন। বাংলাদেশসহ অধিকাংশ দরিদ্র ও উন্নয়নশীল দেশে বয়স্ক জনগোষ্ঠী নারী ও পুরুষ উভয়ই নির্যাতিত হন। লিঙ্গবৈষম্যের কারণে প্রবীণ নারীরা অধিকতর নির্যাতনের শিকার হচ্ছেন। দেশের আর্থসামাজিক অবস্থার বিবেচনায় প্রবীণ নারীদের এক বিশেষ ধরনের সমস্যার সঙ্গে খাপ খাওয়াতে হয়, যা তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। আবার দারিদ্র্যের কারণে বহু নারী তুলনামূলক কম বয়সেই বার্ধক্যে উপনীত হন। তবে বার্ধক্য নর-নারী উভয়কেই কঠিন আর্থসামাজিক অবস্থার মধ্যে অবস্থান করতে বাধ্য করে। প্রবীণ নারীরা শুধু গৃহেই নির্যাতিত হন না, গৃহের বাইরেও তাঁরা নির্যাতনের শিকার হন।উল্লেখ্য, মানবাধিকার রক্ষা এবং সমাজে সমতা অর্জন জনগণের মৌলিক অধিকার বলে গণ্য করা হয়। অনুন্নত ও উন্নয়নশীল দেশে এই প্রাপ্তি নারীর জন্য নিতান্তই কঠিন। কারণ, লিঙ্গবৈষম্য। যদিও বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মানবাধিকার রক্ষা মৌলিক দায়িত্ব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।নারীদের বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন পরিলক্ষিত হলেও মানবাধিকারের ক্ষেত্রে এর ঘাটতি রয়েছে। জেন্ডার সমস্যার শিকার নারীরা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং নানাভাবে নির্যাতিত। সাম্প্রতিককালে নির্যাতনের মাত্রা এবং ধারার নানা পরিবর্তন দেখা যাচ্ছে, যা আমাদের শঙ্কিত করে তুলেছে। প্রবীণ নারীরা শারীরিক নির্যাতন থেকে শুরু করে, মানসিক নির্যাতনসহ বহু ধরনের নির্যাতনের শিকার হন। তাঁরা নির্যাতিত হচ্ছেন পরিবারে, কর্মক্ষেত্রে ও শিক্ষাঙ্গনে। অর্থাৎ ঘরে-বাইরে কোনো স্থানেই নারীর নিরাপত্তা নেই। নির্যাতনের শিকার নারীরা যৌনরোগ, হূদেরাগ, হাতে-পায়ে ব্যথা ইত্যাদি স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এ কারণে অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং আত্মহননের পথ বেছে নেন। নির্যাতনের কারণে নারীদের মানসিক অসহিষ্ণুতা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশ আইনজীবী সমিতির দেওয়া তথ্যে দেখা যায়, আইনি সহায়তা নিতে আসা নারীরা অধিকাংশ সময় নানা ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগেন, যা তাঁদের স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা হয়ে পড়ে।হেল্প এইজ ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থা প্রবীণদের সাহায্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ সংস্থার ধারণা, সমাজে প্রবীণ নাগরিকেরা যথাযথ গুরুত্ব পান না। অর্থাৎ সমাজে প্রবীণদের অবদান হেয় করে দেখার প্রবণতা রয়েছে। হেল্প এইজের মতে, বয়স্ক নাগরিকেরা তাঁদের বিদ্যাবুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সমাজের নানা কর্মে অংশ নিচ্ছেন এবং সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন।আমাদের মনে রাখা প্রয়োজন, মানবাধিকার রক্ষার প্রশ্নে প্রবীণ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা যাবে না। প্রতিটি নাগরিকের যেসব মৌলিক অধিকার রয়েছে, সেসব বাস্তবায়নে সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। প্রবীণ নর-নারী উভয়েই যাতে সম্মানজনক জীবন কাটাতে সক্ষম হন, সে জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ।১৯৪৮ সালের ‘মানবাধিকার বিশ্বজনীন সনদে’ বলা হয়েছে, সব মানুষের তার মর্যাদা ও সম-অধিকার নিয়ে জীবনযাপন করার অধিকার থাকতে হবে। এবং সমাজে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য রাখা চলবে না। এখানে উল্লেখ্য, প্রবীণ নারীরা অনুন্নত দেশগুলোতে সাধারণভাবে স্বাস্থ্যসেবার অধিকার থেকে বঞ্চিত হন। এ অধিকার যেন তাঁরা সব সময় পান, সেদিকে লক্ষ রাখতে হবে। প্রবীণ নারীরা যাতে কোনো সহিংসতার শিকার না হন, সেদিকে লক্ষ রাখতে হবে। প্রবীণদের জীবনে দারিদ্র্য একটি গুরুতর সমস্যা। তাঁদের দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সরকারকে প্রতিটি প্রবীণের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ, প্রত্যেক নাগরিকের সামাজিক নিরাপত্তা লাভের অধিকার রয়েছে। অনেক সময় মনে করা হয়, প্রবীণ নর-নারী কোনো কর্মের উপযুক্ত নন। কিন্তু বহু প্রবীণ নর-নারী আছেন, যাঁরা শ্রম দিতে পারেন। তাঁদের সুবিধামতো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।প্রবীণদের অধিকার সুরক্ষিত করতে হলে তাঁদের সমাজের বোঝা না ভেবে, সাধারণ মানুষের মতো দেখতে হবে। উল্লেখ্য, দেশের প্রায় সব নাগরিকের জন্য কিছু না কিছু আইন রয়েছে। তবে প্রবীণ নাগরিক বিশেষ করে প্রবীণ নারীদের জন্য কোনো বিশেষ নীতিমালা নেই। সুতরাং, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন জরুরি। মনে রাখতে হবে, প্রবীণ নারীরা সমাজেরই অংশ এবং তাঁদের বাদ দিয়ে সমাজ উন্নয়ন ও সুস্থ-সুন্দর জীবন সম্ভব নয়।উল্লেখ্য, জাতিসংঘ প্রবীণ নারীদের মানবাধিকারের পূর্ণ বাস্তবায়ন নিয়ে খুবই উদ্বিগ্ন। ২০১০ সালে জাতিসংঘের এক অধিবেশনে এ ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করা হয় এবং বেশ কিছু সুপারিশ গ্রহণ করা হয়। মানবাধিকার কাউন্সিল জাতিসংঘের ১৭তম অধিবেশনে প্রবীণ নারীর মানবাধিকার রক্ষা এবং নির্যাতন থেকে রক্ষার জন্য সিডও সনদের যথাযথ বাস্তবায়নের সুপারিশ নম্বর ২৭ অনুমোদন দেয়। যেসব রাষ্ট্র জাতিসংঘ সিডও সনদের অনুমোদন দিয়েছে, তাদের সুপারিশের পূর্ণ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। এই সুপারিশ বাস্তবায়ন মাধ্যমে প্রবীণ নারীদের মানবাধিকার সুরক্ষার সুযোগ রয়েছে। এর ফলে তাঁরা সমাজে বিদ্যমান নানা নির্যাতন থেকে মুক্তি পাবেন এবং সেই সঙ্গে একটি সুন্দর-সুস্থ সমাজ গড়ে তোলায় অবদান রাখবেন। সমাজের করণীয় হলো, সমাজকে সব প্রবীণ, বিশেষ করে নারীদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। প্রবীণদের দারিদ্র্য দূরীকরণে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যক্রম গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রবীণদের পূর্ণ অর্থনৈতিক সেই সঙ্গে রাজনৈতিক অধিকার নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা নিতে হবে। নাজমা সিদ্দিকী: অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।