আহমদিয়া জনগোষ্ঠীর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আহমদিয়া জনগোষ্ঠীর ওপর অত্যাচার-নির্যাতনের ঘটনাগুলো দেশে-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সমালোচনার শিকার হতে হয়েছিল বাংলাদেশকে। আহমদিয়া জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত ওই সব আক্রমণের, বিশেষত তাদের মসজিদে হামলার পেছনে তৎকালীন ক্ষমতাসীন মহলের একটি অংশের ইন্ধনের অভিযোগ ছিল। বলা হয়, এ কারণেই সরকারি আইনশৃঙ্খলা ব্যবস্থা আহমদিয়াদের প্রার্থনালয় ও আবাসগৃহের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গত প্রায় ছয় বছর আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু ৭ নভেম্বর রংপুরের মেনানগরের বানিয়াপাড়ায় আহমদিয়া জনগোষ্ঠীর একটি পুনর্নির্মাণাধীন মসজিদ কিছু লোক ভেঙে গুঁড়িয়ে দিয়েছে; লোকজনের ওপর হামলা করেছে, তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। অভিযোগ করা হয়েছে, এসব হামলা ও ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এ ঘটনা তাই বেশ উদ্বেগের, কেননা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সত্য হলে আহমদিয়াদের ওপর এই হামলা-ভাঙচুরের ঘটনাকে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের পুনরাবৃত্তি হিসেবে ধরে নিতে হচ্ছে।শনিবার রাজধানীর বকশিবাজারে আহমদিয়া মুসলিম জামাতের নেতারা সংবাদ সম্মেলন ডেকে রংপুরের মেনানগরের আহমদিয়া সদস্যদের জানমালের নিরাপত্তা দিতে সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছেন। নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালনের জন্যও তাঁরা সরকার-প্রশাসনের সহযোগিতার প্রয়োজন অনুভব করছেন। এমন অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেখানে একটি জনগোষ্ঠীর মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে নিজেদের ধর্ম পালন করতে পারবেন না, সে জন্য সরকারের কাছে তাঁদের নিরাপত্তা-সহযোগিতা চাইতে হবে। আহমদিয়াদের ওপর আক্রমণের পুনরাবৃত্তি অবশ্যই ঠেকাতে হবে। সে জন্য মেনানগরের আক্রমণকারীদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।