আড়াই মাসেও পাঠ্যসূচি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবর্ষ শুরু হওয়ার আড়াই মাস পরও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যসূচি দিতে না পারা হতাশাব্যঞ্জক।
চলতি শিক্ষাবর্ষের শুরুতেই এনসিটিবির নবম শ্রেণির বাংলা ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যসূচি দেওয়ার কথা ছিল। ইতিমধ্যে আড়াই মাস পেরিয়ে গেছে, কিন্তু নবম শ্রেণির শিক্ষার্থীরা এখনো বাংলা বিষয়ের পাঠ্যসূচি পায়নি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এ আড়াই মাস শিক্ষার্থীদের এই বিষয়ে পাঠদান কীভাবে চলেছে। শিক্ষকেরা তাদের পড়াচ্ছেন অনুমানের ওপর ভিত্তি করে। কিন্তু প্রকৃতপক্ষে এইভাবে ভালো পড়াশোনা হওয়ার কথা নয়, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে এ রকম একটা আলস্যবোধ কাজ করতে পারে যে, আগে সিলেবাস হাতে আসুক, তারপর ভালোভাবে পড়া যাবে। কারণ, উভয়ে ভাবতে পারেন, এখন যা পড়ানো হচ্ছে, তা সিলেবাসে না থাকলে পরীক্ষায় কাজে আসবে না।
শিক্ষকদের মতে, এনসিটিবির কারণেই এই দেরি হচ্ছে। আর এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অজুহাত: চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নানা ধরনের ভুলের কারণে এ কাজটি করতে দেরি হয়ে গেছে। এটা হাস্যকর। কারণ পাঠ্যপুস্তকের ভুলের সঙ্গে সিলেবাস নির্ধারণের কোনো সম্পর্ক নেই। এটা আলাদা দায়িত্ব এবং তা পালন করা মোটেও সময়সাপেক্ষ নয়। এটা এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি, দায়িত্ববোধের অভাবের কারণে ঘটেছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হচ্ছে। এর জন্য তাদের জবাবদিহির ব্যবস্থা করা উচিত। শিক্ষা নিয়ে এই গাফিলতি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
এনসিটিবির অযোগ্য কর্মকর্তাদের কারণেই এ বছরের বিভিন্ন পাঠ্যপুস্তকে ভুলের ছড়াছড়ি। যাঁরা এ জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষা নিয়ে এ ধরনের হেলাফেলা যেন আর হতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। প্রয়োজনে এনসিটিবি থেকে অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাদের সরিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।