আয়নায় নিজের মুখ দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটন্ত হাঁড়িতে একটি ভাতে টিপ দিলে যেমন সব ভাতের খবর জানা যায়, তেমনি একটি গ্রাম বা এলাকার রাজনীতির চালচিত্র দিয়েও সারা দেশের রাজনীতির স্বরূপ উপলব্ধি করা কঠিন নয়। স্থানীয় রাজনীতিতে বিবদমান নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেওয়া অসম্ভব নয়। কিন্তু সেই বিরোধ প্রাণহানি কিংবা জ্বালাও-পোড়াওয়ে রূপ নেওয়া অত্যন্ত দুঃখজনক।
সম্প্রতি ভেড়ামারার চাঁদগ্রামের রাজনৈতিক সংঘাতের পেছনে আদর্শগত দ্বন্দ্ব আছে, সেই দাবি কেউ করবে না। কেননা, সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্ষমতাসীন জোটের ছোট ও বড় শরিক। বিএনপি থেকে বেশ কিছু নেতা-কর্মী ছোট শরিকের দলে যোগ দেওয়া নিয়েই নাকি বিরোধের উৎপত্তি। বিষয়টি স্বাভাবিকভাবে মানতে পারেনি বড় শরিক। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং আটজন আহত হয়। গত বুধবার রাতে আহতদের একজন মারা যান, যিনি ছোট শরিকের সমর্থক। এরপর তাদের কর্মীরা গিয়ে বড় শরিকের আটটি বাড়িতে ভাঙচুর করেন এবং আগুন দেন।
এই সংঘর্ষ কিংবা আগুন দেওয়ার ঘটনায়, মন্ত্রীরা যাদের প্রায়ই আগুন-সন্ত্রাসী বলে চিহ্নিত করেন, তাদের কেউ জড়িত নয়। বরং স্বাধীনতার পক্ষের ছোট ও বড় শরিক একে অপরের ওপর চড়াও হয়েছে। রাজনীতির নামে এই গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়ে আর কতজন জীবন দেবেন? আর কত ঘরবাড়ি পুড়বে?
পত্রিকার খবর অনুযায়ী, চাঁদগ্রামে পুলিশের অভিযান চলছে এবং গ্রেপ্তার এড়াতে গ্রামটি এখন পুরুষশূন্য। ছোট ও বড় শরিকের বড় নেতাদের হস্তক্ষেপে হয়তো চাঁদগ্রামের অবস্থা একদিন স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু যে ব্যক্তি সংঘর্ষের বলি হলেন, তাঁর স্বজনদের কান্না সহজে মুছবে না।
স্থানীয় রাজনীতির এই অসুস্থ ধারা বন্ধ হোক। সুস্থ ধারা ফিরে আসুক। নেতা-কর্মীদের মধ্যেও শুভবোধ জাগ্রত হোক। কিন্তু তার আগে জাতীয় নেতাদেরও বোধোদয় ঘটতে হবে। কেবল অন্যের ওপর দায় না চাপিয়ে আয়নায় নিজের মুখ দেখুন।