বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছর ছাড়িয়ে যাওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ প্রকল্পের জরিপে দেখা যায়, ২০০৯ সালে যেখানে মানুষের গড় আয়ু ছিল ৬৭ দশমিক ২ বছর, সেখানে ২০১৩ সালে ৭০ দশমিক ১ বছরে উন্নীত হওয়া অগ্রগতিই বলতে হবে। জনসংখ্যা বিশেষজ্ঞদের মতে, এটি কাঙ্ক্ষিত পর্যায়ের না হলেও মোটামুটি সন্তোষজনক। প্রতিবেশী দেশগুলোর চেয়েও বাংলাদেশ এগিয়ে আছে। এখানে যে জিনিসটি লক্ষণীয় তা হলো, পুরুষের চেয়ে নারীর গড় আয়ু তিন বছর বেশি।
তবে গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি যে বিষয়টি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তা হলো, জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতা। ২০১০ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ১ দশমিক ৩৭ শতাংশ। আগের বছরগুলোতে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসছিল সেখানে এই বিপরীত যাত্রা সরকারের ভুল নীতিরই প্রতিফলন।
গড় আয়ু ৭০ বছর ছাড়িয়েছেনীতিনির্ধারকেরা বাড়তি জনসংখ্যাকে যতই সম্পদ হিসেবে অভিহিত করুন না কেন, সীমিত ভূখণ্ডের এই দেশে সেটি ক্রমবর্ধমান বোঝা হয়েই দাঁড়িয়েছে, যার প্রভাব আমাদের আর্থসামাজিক জীবনে পড়তে বাধ্য। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাড়ছে বেকারত্ব; দারিদ্র্য, অপুষ্টি ও অশিক্ষার শিকার বিপুলসংখ্যক মানুষ। এ অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি আমাদের সব অর্জনই মারাত্মক হুমকিতে ফেলতে পারে। একটি দেশে জনসংখ্যা তখনই সম্পদে পরিণত হয়, যখন প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদাগুলো পূরণ করা যায়।
অতএব, বাড়তি জনসংখ্যাকে আশীর্বাদ বলে আত্মসন্তুষ্টির সুযোগ নেই। জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে নিয়ে আসার পাশাপাশি সব নাগরিকের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের দিকেই নজর দিতে হবে। এ ব্যাপারে সামাজিক ও ধর্মীয় বাধাগুলো অপসারণের বিকল্প নেই। তাই, সরকারের নীতি হতে হবে আয়ু বাড়ুক, কিন্তু জনসংখ্যা নয়।