আয়েশা বেগমের অসহায়ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা বেগম। ছবি: প্রথম আলো
আয়েশা বেগম। ছবি: প্রথম আলো

৮০ বছর বয়সী আয়েশা বেগমের বাড়ি গৌরীপুর উপজেলার পৌর শহরের রিকশাপট্টি এলাকায়। স্বামী, সন্তান কেউ নেই। একটি পালক মেয়ে ছিল। বিয়ের পর মেয়ে ঢাকায় চলে আসেন। আয়েশা বেগমকেও নিজের কাছে রাখেন। কিন্তু গত সপ্তাহে পালিত মেয়ে আয়েশাকে গৌরীপুর পৌর শহরের রাস্তায় বসিয়ে রেখে চলে যান। পক্ষাঘাতগ্রস্ত আয়েশা বেগমের ভার তাঁর পালিত মেয়ে সম্ভবত আর নিতে চাননি, তাই এই মাত্রার নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন। 

আয়েশা বেগম একটি উদাহরণ মাত্র। সমাজে এমন অনেক বৃদ্ধ নর-নারী আছেন, যাঁদের দেখার কেউ নেই। আয়েশা বেগমের তো পালিত সন্তান। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে নিজের সন্তানেরাও অনেক ক্ষেত্রে বাবা-মায়ের দেখভাল করেন না বা করতে পারেন না। বয়স্ক নাগরিকের কথা মাথায় রেখে সরকার ২০১৩ সালের ২৫ অক্টোবর ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ পাস করে। আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তাঁর মা-বাবার ভরণপোষণ দিতে হবে। আর তা না করলে তাঁদের শাস্তি পেতে হবে। কিন্তু এ ধরনের আইনের অস্তিত্বের ব্যাপারে সমাজে যথেষ্ট সচেতনতা আছে বলে মনে হয় না। আবার একই সঙ্গে এ কথাও ঠিক যে পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্যের ব্যাপারে আইনের খড়্গের চেয়ে নৈতিক ও মানবিক দায়িত্ববোধ ও সচেতনতার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।

যেসব বৃদ্ধ-বৃদ্ধার সন্তান আছে, তাঁদের জন্য এ আইন। কিন্তু যাঁদের সন্তান নেই বা কোনো আত্মীয়স্বজনও নেই, সেই অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের কল্যাণ কীভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে সরকারকে ভাবতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বতন্ত্র একটি প্রবীণবিষয়ক অধিদপ্তর গঠনের কথা সরকার বিবেচনা করতে পারে, যারা এসব অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের কল্যাণ নিশ্চিত করবে। এ ছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় সরকারিভাবে বৃদ্ধাশ্রম গড়ে তোলার কথা সরকার বিবেচনা করতে পারে।