যখন দেশে ই-কমার্স চালু হয়েছিল, সরকারের নীতিনির্ধারকেরা এর পক্ষে জোর প্রচার চালিয়েছিলেন। সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করতে মাঠে নেমেছিলেন বিভিন্ন মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরাও। রাতারাতি অনেক ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে উঠল সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই। গত সেপ্টেম্বরে বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা গণমাধ্যমে আসে, যারা গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েও পণ্য দেয়নি।
যেসব প্রতিষ্ঠানের নামে গ্রাহকদের টাকা মেরে দেওয়ার অভিযোগ এসেছে, সেগুলো হচ্ছে ধামাকা শপিং, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট, নিড ডট কম এবং কিউকম। এর মধ্যে ই-অরেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান ছদ্মনামে পরিচালনা করছিলেন গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তা। তিনি কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন এবং ভারতে ধরা পড়েছেন। দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি থাকার পরও সরকার তঁাকে ভারত থেকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিয়েছে বলে জানা নেই। এখানে যিনি আইনের রক্ষক, তিনিই ভক্ষক সেজেছেন।
গতকাল প্রথম আলোর খবর থেকে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য নেই কত টাকা আটকা পড়েছে কিংবা কতজন গ্রাহক প্রতারিত হয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মধ্যে এ নিয়ে চিঠি চালাচালি চলছে। বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ২৪ আগস্ট ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের ভেতরের অবস্থা সম্পর্কে খোঁজ নিতে বলেছিল বাংলাদেশ ব্যাংককে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, যেসব ভোক্তা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠানে অর্ডার করে অদ্যাবধি কোনো মালামাল পাননি অথবা টাকা ফেরত পাননি, তাঁদের টাকা কীভাবে দ্রুত ফেরত দেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। ই-কমার্স পরিচালনার জন্য অল্প সময়ের মধ্যে ইউনিক বিজনেস আইডি চালু করা হবে।
সবকিছুই ‘হবে’, ‘করা হবে’ এই আশ্বাসের ওপর চলছে। কিন্তু গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি যে খুব এগোয়নি, প্রথম আলোর খবরই তার প্রমাণ। এই প্রেক্ষাপটে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ফস্টার করপোরেশন লিমিটেডে আটকে থাকা কিউকম ডটকমের অর্ডার প্রদানকারী গ্রাহকদের মধ্য থেকে ২০টি অর্ডারের ৪০ লাখ ২ হাজার ৪১৩ টাকা ফেরত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রতিষ্ঠানটি ৬ হাজারে ৫৭১ জন গ্রাহকের কাছ থেকে যে ৫৯ কোটি টাকা নিয়েছে, তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগকে শুভ সূচনা বলা যাবে, যদি তা প্রতীকী না হয়ে থাকে। এখন তাদের কর্তব্য হবে অন্যান্য প্রতিষ্ঠানকেও গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার ব্যবস্থা করা। অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা অর্থ ফেরত না দেওয়ার অজুহাত হিসেবে জেলে থাকার কথা বলেছেন। কিন্তু তঁারা জেলে থাকলেও প্রতিষ্ঠানের সম্পদ তো বাইরেই আছে। তাহলে সেগুলো ফেরত দেওয়া যাবে না কেন?
আমরা আশা করব, সরকার অবিলম্বে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রাহকদের আটকা পড়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। প্রতিষ্ঠান ও গ্রাহকদের তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে দেশবাসী জানতে পারবে, কোন প্রতিষ্ঠান কত কোটি টাকা পণ্য বিক্রির নামে হাতিয়ে নিয়েছে। ই-কমার্স এখন বিশ্বজুড়ে স্বীকৃত ও জনপ্রিয় ব্যবসা। এর নামে যাঁরা প্রতারণা করেছেন, তাঁদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।