বাংলাদেশে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত দ্রুতগতিতে বেড়েছে ও বাড়ছে; কিন্তু ব্যবহারের মেয়াদ শেষ হওয়ার পর এগুলো যে বর্জ্য পদার্থে পরিণত হচ্ছে এবং এসব বর্জ্যেরও যে সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি, সে বিষয়ে আমাদের ধারণা ও সচেতনতা অত্যন্ত সীমিত। অত্যধিক জনঘনত্বের এই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ই-বর্জ্য একটা বড় ধরনের সমস্যা হয়ে উঠছে, যা সমাধানের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা শুরু করা উচিত।
বিদ্যুৎসাশ্রয়ী বাতি, টিভি, রেফ্রিজারেটর, কম্পিউটার, প্রিন্টার, মুঠোফোন, বিচিত্র ধরনের ইলেকট্রনিক খেলনাসহ আধুনিক মানুষের দৈনন্দিন ব্যবহার্য যন্ত্রপাতি ব্যবহারের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্জ্য পদার্থে পরিণত হয়। এসব যন্ত্রপাতিতে মানবস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক ক্ষতিকর উপাদান থাকে। সিসা, পারদ, ক্যাডমিয়াম, বেরিলিয়াম, লিড অক্সাইড প্রভৃতি ধাতব ও রাসায়নিক উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, যকৃৎ, বৃক্ক, হৃদ্যন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক, ত্বক ইত্যাদির জন্য ক্ষতিকর। তাই ই-বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে সে রকম কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, এমনকি বছরে কী পরিমাণ ই-বর্জ্য উৎপাদিত হচ্ছে, সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্যও নেই।
নতুন স্বাস্থ্যঝুঁকি ই–বর্জ্যপ্রথমেই প্রয়োজন ই-বর্জ্য উৎপাদনের পরিমাণ নিরূপণের ব্যবস্থা; তারপর এগুলোর জন্য স্থায়ী ভাগাড় ও রিসাইক্লিং কারখানা স্থাপন করতে হবে। জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নিতে হবে। এ বিষয়ে ভারত, চীনসহ অন্যান্য দেশের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। ইলেকট্রনিক যন্ত্রপাতি উৎপাদন, আমদানি, বিপণন, ব্যবহার এবং ই-বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতিমালা ও আইন-বিধান গ্রহণ করতে হবে। প্রায় চার বছর ধরে ই-বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ‘ডিসপোজাল ম্যানেজমেন্ট রুল’ নামে যে বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পড়ে আছে, সেটার সদ্গতি করা হোক।
১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ১৩ কোটি মানুষের হাতে মুঠোফোন; অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ছে অত্যন্ত দ্রুতগতিতে। এগুলোর প্রায় ৩০ শতাংশই প্রতিবছর ই-বর্জ্যে পরিণত হচ্ছে। সুতরাং এই বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের কালক্ষেপণের সুযোগ নেই।