বিশ্ব ক্রিকেটের অভিজাত দল ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে পরাজিত করা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক মোড় ফেরানো ঘটনা। অবশ্য বেশ আগে থেকেই এক দিনের ক্রিকেটে বাংলাদেশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো আন্তর্জাতিক দলকে হারানো এবং সেই দলটি যদি হয় ক্রিকেটের জন্মভূমি থেকে আসা; তখন এ বিজয়ের আস্বাদন ও গুরুত্ব অনেক বেড়ে যায় বৈকি। এর সঙ্গে যুক্ত হয়েছে ৭৮ বছরের মধ্যে এই প্রথম এক সেশনে ইংলিশদের ১০টি উইকেটের পতন ঘটানোর কৃতিত্ব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দেশকে এ বিজয় উপহার দেওয়ার জন্য অভিনন্দন। জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কথাটাই যেন সত্য হয়, ‘অচিরেই অন্যান্য বড় দলকেও আমরা পরাস্ত করব।’
নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফর বাতিল করল, তখন এগিয়ে এল সেই ইংল্যান্ড দল, যাদের গণমাধ্যম বারবার বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা নিয়ে সন্দেহ জানিয়ে আসছিল। ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সেই সন্দেহের অবসান ঘটালেন। ১৪ মাস ধরে যারা আন্তর্জাতিক টেস্ট খেলা থেকে বঞ্চিত ছিল, তাদের এমন অসাধারণ জয় এক দারুণ চমক। চমকের পরের চমক ছিল দলের কনিষ্ঠতম সদস্য ১৯ বছর বয়সী মিরাজের অসাধারণ ১৯টি উইকেট নেওয়ার রেকর্ড! মোস্তাফিজ-তাসকিনের পর মিরাজের আবির্ভাব আবারও জানিয়ে গেল, সহজাত প্রতিভার কোনো অভাব বাংলাদেশে নেই। শুধু দরকার খুঁজে বের করে তাঁদের নিবিড় পরিচর্যা ও যোগ্যতা প্রমাণের দ্বার অবারিত করা।
টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের সত্যিকার পরীক্ষা। সত্যিকার টেস্ট ক্রিকেটের জাতি হওয়া একটি জয়ে অর্জিত হয় না। তার জন্য দরকার ঘরোয়া ক্রিকেটকে টেস্ট উপযোগী করে তোলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে আরও যত্নবান ও দূরদর্শী হতে হবে।
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের অর্জন তিনটি: বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এক চমৎকার গন্তব্য, এ দেশে বিদেশি দলের খেলতে না আসার পেছনে নিরাপত্তার অভাবের কথা বলা খুবই দুর্বল অজুহাত এবং বাংলাদেশ ক্রিকেট-বিশ্বের এক নতুন শক্তির নাম।