ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদার। দেশের মোট রপ্তানির ৫০ শতাংশের বেশি যায় ইইউতে। তাই জিএসপি প্লাসের সদস্য হতে বাংলাদেশের প্রস্তুতিহীনতার বিষয়ে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর উচ্চারিত সতর্কবাণীকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
মধ্যম আয়ের দেশের সংজ্ঞা নিয়ে অবশ্য অর্থনীতিবিদদের মধ্যে মতভিন্নতা রয়েছে। বিশ্বব্যাংকের সংজ্ঞায় মধ্যম আয়ের দেশের দুটি স্তর রয়েছে নিম্ন মধ্যম ও উচ্চ মধ্যম আয়ের দেশ। ‘মধ্যম আয়ের’ দেশ বলে কিছু নেই। অথচ সরকার বলছে ২০২১ সালের মধ্যে এটাই তারা অর্জন করবে। সম্প্রতি পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘এর সংজ্ঞা আমরাই দেব।’ অবশ্য আমরা ধরে নেব, উন্নয়ন অংশীদারদের মধ্যে এ বিষয়ে সরকারের একটি বোঝাপড়া আছে। ইইউ রাষ্ট্রদূত জিএসপি প্লাস-সুবিধা পেতে যে ২৭টি আন্তর্জাতিক সনদে সই ও অনুসমর্থনের কথা বলেছেন, তাতে সরকার তার মতো করেই নিশ্চয় প্রস্তুতি নেবে। এসবের মধ্যে মানবাধিকার, সুশাসন, শ্রমিক অধিকার ও পরিবেশের মতো বিষয় রয়েছে। এতে সন্দেহের অবকাশ কম যে বাংলাদেশকে এসব ক্ষেত্রে বহুদূর যেতে হবে।
আমরা আশা করব, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি বা আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যেন কোনোভাবেই যথাসিদ্ধান্ত যথাসময়ে না নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়। ২০১৮ সালের মধ্যে আমরা এলডিসি দেশ থেকে মুক্তি পেতে চাই। তখন শুধু ঘোষণা দিলেই তা কার্যকর হবে না, বাংলাদেশকে পরের ছয় বছর জাতিসংঘের নজরদারিতে থাকতে হবে। আর মি. পিয়েরে যে ২৭টি কনভেনশনের কথা বলেছেন, তা কোনো এলডিসি দেশই অনুসমর্থন করেনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দুই বছর আগে ব্রাসেলস থেকে ফিরে বলেছিলেন, ২০২১ সালে ‘মধ্যম আয়ের’ দেশে উন্নীত হওয়ার পর ইইউ বাংলাদেশকে জিএসপি প্লাস মর্যাদা দেবে। এখন ইইউ রাষ্ট্রদূত জানালেন, আমরা জিএসপি হারাব। কিন্তু জিএসপি প্লাসের জন্য শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত করতে পারব। সুতরাং দরকারি শর্তপূরণে বাংলাদেশকে এখন থেকেই ভেবেচিন্তে পা ফেলতে হবে।
ব্রেক্সিটের তিক্ত বাস্তবতা ও তার সম্ভাব্য ফলাফল মোকাবিলার জন্যও বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। ইইউ বাজারে শুল্ক কোটামুক্ত যে সুবিধা আমরা পেয়ে চলেছি, তাকে ঝুঁকিমুক্ত ভাবার অবকাশ কম। সুতরাং সার্বিক অবস্থা বিচারে বাংলাদেশকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।