দুর্নীতির বিরুদ্ধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। মেয়াদের অর্ধেক পেরিয়ে এসেও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন পূর্ণতা পায়নি। অনেক সময়ক্ষেপণের পর সংসদীয় কমিটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে পূর্বানুমতির প্রয়োজন নেই বলে যে সুপারিশ করেছে, তা বাস্তবায়িত হবে কি না, সে ব্যাপারে সংশয় আছে। গত আড়াই বছরে সরকার অনেক আইন প্রণয়ন করেছে, কিন্তু অতি আবশ্যকীয় দুদক আইনটি ঝুলিয়ে রাখা হয়েছে, যা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির স্পষ্ট বরখেলাপ।সম্প্রতি যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। গত ৩০ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকেরা দুর্নীতি দমন বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলাদেশে ইইউর অর্থায়নে উন্নয়ন-সহায়তার বার্ষিক কর্মপরিকল্পনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতির বাধা হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতির ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে রাজি নই।’ ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, ‘আমাদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই না।’ বিশ্বব্যাংকের সিদ্ধান্তের পর ইইউ কূটনীতিকদের এ মনোভাব তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সরকারকে এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে যে ইইউর অর্থায়নে পরিচালিত প্রকল্পে দুর্নীতি হলে বিশ্বব্যাংকের মতো কঠোর সিদ্ধান্ত নিতে তারাও দ্বিধা করবে না।পদ্মা সেতু প্রকল্পের দরপত্র গ্রহণের প্রক্রিয়ায় যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সরকারের ব্যাখ্যায় দাতা প্রতিষ্ঠানটি আশ্বস্ত হয়েছে, এমন খবর জানা নেই। অতএব, ইইউর কূটনীতিকেরা যখন ‘উন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ্য করা হবে না’ বলে মন্তব্য করেন, তখন জনমনে এই ধারণা হওয়া স্বাভাবিক যে ‘ডাল মে কুচ কালা হায়।’ কেবল মৌখিক আশ্বাসে কোনো উন্নয়ন-সহযোগী আশ্বস্ত হবে না। প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলেই তারা আশ্বস্ত হবে। ২০১১ সালে ইইউ বাংলাদেশকে সব মিলিয়ে ১৪৯ দশমিক ৮ মিলিয়ন ইউরো দেবে। বিদেশি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প তদারকে বিশেষ মনোযোগ দেওয়া অপরিহার্য। বিশ্বব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে ইইউ কূটনীতিকদের সংবাদ সম্মেলনের যোগসূত্র থাকা অস্বাভাবিক নয়। ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে আমরা যদিও জড়িত নই, তার পরও বলব, দুর্নীতির অভিযোগ যেহেতু উঠেছে, তার তদন্ত হওয়া উচিত।’ এই তদন্ত আদৌ হবে কি না কিংবা হলেও দোষী ব্যক্তি শাস্তি পাবে, তার নিশ্চয়তা কী? কেননা পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করার পরও সরকারের উচ্চ মহল তেমন চিন্তিত বলে মনে হয় না। আমরা আশা করব, ইইউ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত দরকারি তথ্যাদি জনগণের কাছে প্রকাশের ক্ষেত্রে যত্নশীল হবে। কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তা-ও প্রকাশ করবে। আর সরকারের কর্তব্য হবে ইইউর হুঁশিয়ারি আমলে নিয়ে উন্নয়ন প্রকল্পের কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।