ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেশ কিছু স্থানে প্রার্থীকে আটক রাখা, মনোনয়নপত্র ছিনতাই কিংবা ছিঁড়ে ফেলা এবং প্রতিপক্ষ প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২২ মার্চ উপকূলীয় অঞ্চলের ৭৩৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। বিএনপির অভিযোগ, ৮৫টি ইউনিয়নে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছেন, কোথাও মনোনয়নপত্র ছিনতাই করা হয়েছে। কেবল বিএনপি নয়, এ ধরনের অভিযোগ এসেছে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ১৪-দলীয় জোটের শরিক দলের পক্ষ থেকেও।
এসব অভিযোগ হালকা করে দেখার সুযোগ নেই। ঐতিহ্যগতভাবে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন অপেক্ষাকৃত বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়। এতে স্থানীয় জনগণের উৎসাহ-উদ্দীপনাও থাকে ব্যাপক। কিন্তু প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এ নির্বাচনে ২৫টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকা রহস্যজনক। প্রার্থীরা যদি নির্বিঘ্নে মনোনয়নপত্রই জমা দিতে না পারেন, তাহলে নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণ যে সুষ্ঠু হবে, তার নিশ্চয়তা কী? নির্বাচন কমিশন বলেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু তাদের এই মৌখিক আশ্বাস যে কাজে আসছে না, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের নানা অঘটনই তার প্রমাণ।
নির্বাচনের সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসির নির্দেশ মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রেয়াজনীয় সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগে যেন অনিচ্ছুক। মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তার আইনি প্রতিকার হওয়া প্রয়োজন। প্রতিপক্ষের হামলার কারণে কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সেটি তাঁর ব্যর্থতা নয়, ইসির ব্যর্থতা।
দেশবাসী আশা করে, অতীত থেকে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠানটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব পালনে কুণ্ঠিত হবে না। অন্যথায় নির্বাচন কেবল প্রশ্নবিদ্ধই হবে না, প্রহসনে পরিণত হবে।