ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ছয়টি ধাপে শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। প্রথম ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার চলমান পর্যায়ে ফেনীর পরশুরামের তিনটি ইউনিয়নের প্রতিটিতে মাত্র একজন করে প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ায় যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে, তা তাৎপর্যপূর্ণ।
যে নির্বাচনে একই দলের নেতাদের মধ্যেই প্রার্থিতা নিয়ে দ্বন্দ্ব-বিবাদ রক্তপাত পর্যন্ত গড়ায়, সেই নির্বাচনে একটি পদের জন্য মাত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া যারপরনাই অস্বাভাবিক। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সুযোগের সমতা না থাকলে; ভয়ভীতি, জবরদস্তি ও অন্যান্য অন্যায় প্রভাব ক্রিয়াশীল থাকলে এমনটি ঘটে।
প্রথম ধাপের ৭৩২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১৯টিতে বিএনপির একজন প্রার্থীও নেই; ৬২টি ইউপিতে একজন করে যে প্রার্থী রয়েছেন, তাঁরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের। অর্থাৎ এই ৬২টি ইউপিতে প্রার্থীরা নির্বাচিত হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
সুতরাং পরশুরামের তিনটি ইউপির চিত্র আর প্রথম ধাপের ৬২টি ইউপির চিত্র একই। পরশুরামের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর বেরিয়েছে। কিন্তু প্রথম ধাপের ৬২টি ইউপির ক্ষেত্রে কী হবে?
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও বাড়ছে। পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কক্সবাজার, শেরপুর, ভোলা, বরগুনা ও কিশোরগঞ্জের ভৈরবে সোম ও মঙ্গলবার দুই দিনের সংঘর্ষে আহত হয়েছেন ৭১ জন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের সাংসদদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া ইত্যাদি নানা অনিয়ম চলছে।
এ অবস্থায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে এসেছে, তা মোকাবিলা করতে সরকারের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।