কক্সবাজারের উখিয়ায় দিনদুপুরে বুলডোজার ও খননযন্ত্র দিয়ে একটি পাহাড় মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মুজিব বর্ষে সরকার ঘোষিত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য সরকারি মালিকানাধীন প্রায় ৬০ ফুট উচ্চতার পাহাড়টি কেটে সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। সেখানে আম, পেয়ারা ও কলার বাগান ছিল। পাহাড় কাটা মাটি দিয়ে চেয়ারম্যানের ব্যক্তিমালিকানাধীন বাজার ও পাশের থাইংখালী খাল ভরাট করা হচ্ছে।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর ভাষ্য হচ্ছে, হাজার হাজার একরের সরকারি পাহাড় কেটে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয়শিবির করা গেলে স্থানীয় গরিব লোকজনের জন্য কেন আশ্রয়ণ প্রকল্প করা যাবে না? উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে এসে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য সরকারি পাহাড়টি চিহ্নিত করে দিয়েছেন। ইউএনও নজিম উদ্দিন আহমেদ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, পালংখালীর খাসজমিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। কিন্তু পাহাড় কেটে সেই আশ্রয়ণ প্রকল্প হচ্ছে কি না, সেটা তাঁর জানা নেই। বন বিভাগ বলছে, পাহাড়টি তাদের আওতাধীন নয়। পরিবেশ অধিদপ্তর বলছে, কেউ তাদের অভিযোগ জানায়নি।
গত কয়েক দশকে কক্সবাজারে বনভূমি দখলের পাশাপাশি নির্বিচার পাহাড় নিধন চলছেই। ২০১৭ সালে রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার পর পরিস্থিতি আরও নাজুক হয়েছে। প্রভাবশালীদের অনেকেই বনভূমি দখল ও পাহাড় কাটার কাজে যুক্ত হয়েছেন। এ কাজে প্রশাসনের যোগসাজশের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাড়তি জনচাপে এমনিতেই কক্সবাজারের পরিবেশ ও প্রকৃতি ভয়াবহ হুমকির মুখে। চেয়ারম্যানের বক্তব্য থেকে স্পষ্ট যে প্রভাবশালীরা পাহাড় কাটা কিংবা বনভূমি ধ্বংসের ব্যাপারে আইনকানুনের তোয়াক্কা করেন না।
মুজিব বর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার সরকারি যে উদ্যোগ, তা নিঃসন্দেহে মহতী ও দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ। কিন্তু এ কাজে কেন পাহাড় কাটতে হবে? এটা সুস্পষ্টভাবে পরিবেশ আইনের লঙ্ঘন। এতে সরকারের উদ্যোগটাও বিতর্কিত হয়। প্রশ্ন হচ্ছে, আশ্রয়ণ প্রকল্পের জন্য আর কোথাও কি খাসজমি ছিল না? সবার সামনে একটা প্রাকৃতিক পাহাড় কেটে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর কিংবা ইউএনও সেটা জানেন না—এমন যুক্তি দিয়ে কি দায় এড়াতে পারে? নির্বিচার পাহাড় কাটার ফলে প্রতিবছর ভূমিধসের ঘটনা ঘটে। কৃতকর্মের জন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটেছে, তা-ও তদন্ত করে বের করতে হবে।