১০৯ জনের প্রাণহানি আর পাঁচ হাজারের বেশি মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬। মোট ছয় পর্বের ভোট গ্রহণ শেষে হার-জিতের হিসাব-নিকাশের চেয়েও জরুরি হয়ে দেখা দিল প্রাণহানির প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ এর আগে কখনো এত বেশিসংখ্যক মানুষকে হারায়নি।
নজিরবিহীন রক্তপাতের নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পেল যে নির্বাচন, তার সুষ্ঠুতা, নিরপেক্ষতাসহ যাবতীয় নিয়মানুবর্তিতার প্রশ্ন তোলা অর্থহীন। অথচ সব ধাপের নির্বাচন শেষে শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, ‘কিছু অনিয়ম ও গুটি কয়েক মারামারি’ ছাড়া সার্বিকভাবে এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে। সিইসির এই বক্তব্য দায়িত্ববোধহীনতার এক বিরাট দৃষ্টান্ত, এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও কমিশন এ নির্বাচন পরিচালনাকালে স্থানীয় সরকারি প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে গঠনমূলকভাবে কাজে লাগাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কমিশন ক্ষমতাসীন দলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অন্যায্য আচরণও সামলাতে পারেনি। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের মর্যাদা ও গ্রহণযোগ্যতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো এই নির্বাচনের মধ্য দিয়ে। বেসরকারি সংস্থা ‘সুশাসনের জন্য নাগরিক’-এর মন্তব্য প্রণিধানযোগ্য: প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন ভেঙে পড়েছে।
২০৭ জনেরও বেশি চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। পঞ্চম ধাপ পর্যন্ত আওয়ামী লীগের ২ হাজার ৬৪৭ জনের বিজয়ের বিপরীতে প্রধান প্রতিপক্ষ দল বিএনপির মাত্র ৩৬৭ জনের বিজয় ভোটযুদ্ধে যেসব অনিয়ম লক্ষ করা গেছে, সেগুলো নিশ্চিত করে। স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ৮৭৫ জনের বিজয় দৃশ্যমান করে দলগুলোর, বিশেষ করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের তীব্রতা।
দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচনের নতুন বিধান কার্যকর করতে গিয়ে এই ইউপি নির্বাচনে যে নেতিবাচক ও ক্ষতিকর বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠল, সেগুলো স্থানীয় নির্বাচনের স্থায়ী ব্যাধিতে পরিণত হওয়ার আগেই বিধানটি সম্পর্কে পুনর্বিবেচনা করা প্রয়োজন।