ইউপি নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমাণিত হয়েছে যে, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন-বাণিজ্যের দুষ্ট-সংস্কৃতি স্থানীয় সরকারের নির্বাচনও গ্রাস করেছে। অথচ এটা যে ঘটতে পারে, সেই আশঙ্কা দলীয় ভিত্তিতে নির্বাচন করার আইন তৈরির সময় নাগরিক সমাজ থেকে জোরালোভাবেই উচ্চারিত হয়েছিল। সুতরাং এখন আগের চেয়ে স্থানীয় সরকার অধিকতর সহিংসপ্রবণ হওয়ার দায় সরকার ও নির্বাচন কমিশন উভয়কেই নিতে হবে।
আমরা আশঙ্কা ব্যক্ত করেছিলাম যে যেখানে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে অক্ষম, সেখানে দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন চালু হলে ক্ষতির মাত্রা বাড়বে।
অথচ তখন নির্বাচন কমিশন সরকারি দলের সঙ্গে গলা মিলিয়ে মিহি সুরে যুক্তি খাড়া করেছিল, দলীয় টিকিটেই তো ভারত, ব্রিটেনসহ ঐতিহ্যবাহী গণতন্ত্রে স্থানীয় সরকার নির্বাচন হয়ে থাকে! আর এখন কমিশনের নাকের ডগায় আওয়ামী লীগ ও বিএনপির (অপেক্ষাকৃত কম) অসাধু প্রার্থীরা ‘মনোনয়ন-বাণিেজ্যর’ উদ্বাহু নৃত্য করছে। অথচ নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না। মনোনয়ন–বাণিজ্যের ফলে নির্বাচনের মূল উদ্দেশ্যই দারুণভাবে ব্যাহত হচ্ছে। ভোটাররা পছন্দসই প্রার্থী বাছাইয়ের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
মনোনয়ন–বাণিজ্য এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক দলের কেউই অস্বীকার করতে পারছে না। নির্বাচনী সহিংসতায় ৬৯ জনের প্রাণহানি ও কয়েক হাজার মানুষ আহত হওয়ার এই নির্বাচনে শুধু চেয়ারম্যান নয়, সদস্যপ্রার্থীরাও মোটা অঙ্কের টাকা গুনেছেন বলে অভিযোগ উঠেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করেছেন যে, মনোনয়ন-বাণিজ্যের অন্তত ২০-২৫টি অভিযোগ তাঁরা ‘খুব সিরিয়াসলি’ খতিয়ে দেখছেন। বিএনপির তরফেও অভিযোগ স্বীকার করে সুষ্ঠু তদন্তের কথা বলা হয়েছে। কিন্তু এসব ছেলেভোলানো কথাবার্তা দিয়ে ইউপি নির্বাচনে ক্ষতি পোষানো যাবে বলে মনে হয় না। দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার সংস্থার নির্বাচনের জন্য যে নূ্যনতম নীতি–নৈতিকতা থাকা প্রয়োজন, আমাদের রাজনৈতিক দলগুলো তা রক্ষা করতে যারপরনাই ব্যর্থ হয়েছে। অতএব পুরোপুরি বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।

আরও পড়ুন