সাফল্যের ভাগ সবাই নিতে চান। কিন্তু ব্যর্থতার দায় কেউ নিতে চান না। গত বছরের মাঝামাঝি সময় শুরু হওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে যে সংঘাত-সংঘর্ষ ও শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, এর দায় কেউ নিতে চাইছেন না। নির্বাচন কমিশন বলেছে, হানাহানির দায় তাদের নয়। যেসব দল ও প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদেরই এ দায়িত্ব নিতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, এ দায় তাঁরা নেবেন না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই এ হানাহানির ঘটনা ঘটেছে।
সংবিধানের ১২০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যে রূপ কর্মচারীর প্রয়োজন হইবে, নির্বাচন কমিশন অনুরোধ করিলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদানের ব্যবস্থা করিবেন।’ এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কর্মচারী চেয়েছিল কি না। দ্বিতীয়ত, সেই কর্মচারীরা তাঁদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করেছিলেন কি না। যদি করে থাকেন, তাহলে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে এত হানাহানি ও মারামারি হওয়ার কথা নয়। আর যদি উল্লিখিত কর্মচারীরা তাঁদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করে না থাকেন, তখন প্রশ্ন আসে কমিশন সংশ্লিষ্ট বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কমিশনের সাফাই গাওয়ার পাশাপাশি কমিশনের অন্যতম সদস্য মাহবুব তালুকদারের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে বলেছেন, তাঁর অন্য অ্যাজেন্ডা আছে। মাহবুব তালুকদারের কী অ্যাজেন্ডা, আমরা জানি না। তবে তঁার কথায় নির্বাচনের সঠিক চিত্রই উঠে এসেছে। অন্যদিকে সিইসি শুরু থেকে যে ভূমিকাটি নিয়েছেন, তা হলো নির্বাচনী প্রক্রিয়াটি ধ্বংস করা। ভবিষ্যতে যাঁদের নিয়েই কমিশন গঠন করা হোক না কেন, ভেঙে পড়া নির্বাচনী প্রক্রিয়াটি নতুন করে গড়ে তোলা সহজ হবে না।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের নিরাপত্তাই যদি নির্বাচন কমিশন না দিতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠানের থাকার প্রয়োজন কী? এবারের ইউপি নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। হয়েছে জবরদস্তিমূলক। যিনি যত ক্ষমতাবান, তিনিই তত ক্ষমতা প্রয়োগ করেছেন এবং নিজের পক্ষে ফল নেওয়ার চেষ্টা করেছেন। আবার কেউ কেউ ফল নিজের পক্ষে নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তাই এ নির্বাচনে আর যা-ই হোক, জনগণের রায়ের প্রতিফলন হয়েছে, এমনটি বলা যাবে না।
পাঁচ দফা নির্বাচনে প্রার্থীসহ যে শতাধিক মানুষ মারা গেলেন, এর দায় কোনোভাবে নির্বাচন কমিশন এড়াতে পারে না। নৈতিক দায় এড়াতে পারেন না ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও। আওয়ামী লীগ নিজেকে সুশৃঙ্খল ও সুসংগঠিত দল বলে দাবি করে, এ নির্বাচনে প্রমাণিত হলো দলের মধ্যে বিন্দুমাত্র শৃঙ্খলা নেই। সাংসদ, উপজেলা চেয়ারম্যান, দলের স্থানীয় নেতারা নিজেদের ক্ষমতাবলয় বাড়াতে যতটা উদ্গ্রীব, দলের নীতি-আদর্শ ও ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ততটাই উদাসীন।