নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা দেশের সীমা ছাড়িয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচিত হওয়া কিংবা প্রস্তাব নেওয়া সরকারের জন্য মোটেই সম্মানজনক নয়। একটি সরকার তখনই নিজেকে জনহিতৈষী বলে দাবি করতে পারে, যখন সব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় অবিচল থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকে আইনি পথেই পরিচালিত হতে বাধ্য করে।
বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনানুগ বাহিনীগুলোকে দায়মুক্তি না দেওয়ার ওপরই জোর দেওয়া হয়েছে। বিএনপি সরকারের আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) আইনিভাবেই দায়মুক্তি দেওয়া হয়েছিল। বর্তমানে সেই আইনি সুরক্ষা না থাকলেও নানাভাবেই তারা জবাবদিহির ঊর্ধ্বে থাকছে।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকার আদালতের নির্দেশে এবং আন্দোলনের মুখে র্যাবের অভিযুক্ত বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করলেও মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কামুক্ত হওয়া যাচ্ছে না। প্রথমত, খুনের মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনকে ফেরত আনার ব্যাপারে সরকারের লক্ষণীয় প্রয়াস নেই। ফলে তদন্তকাজও থমকে আছে। দ্বিতীয়ত, হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারি কমিটি সাড়ে চার মাসেও তাদের রিপোর্ট জমা দিতে পারেনি।
আইনি বাধ্যবাধকতা নেই, নৈতিক আছেপ্রতিষ্ঠার পর র্যাবের হাতে ৮০০ মানুষ নিহত হওয়া কিংবা বিরোধী দলের নেতা-কর্মীদের গুম হওয়া কোনোভাবেই আইনের শাসনের প্রতিফলন নয়। সরকার যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেটা তখনই প্রমাণিত হবে, যখন দলমত-নির্বিশেষে সবার প্রতি আইনের প্রয়োগ হবে। তাই তাদের উচিত হবে, প্রতিটি গুমের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যে বা যারাই এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সরকারকে অবশ্যই দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
ইউরোপীয় পার্লামেন্ট কেবল সরকারের সমালোচনাই করেনি, এমজিডি অর্জনে তাদের সাফল্যের প্রশংসাও করেছে। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে যদি সরকার কৃতিত্ব দেখাতে পারে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠায় কেন নয়? ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে ইতিবাচক দৃষ্টি পোষণ করেছেন, সরকারের আচরণেও তার প্রতিফলন থাকবে আশা করি।