চলতি মাসে ইউরো-অঞ্চলের সংকট তীব্রতর হয়েছে। ইউরোপের যে ১৬টি দেশ সাধারণ মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, সেসব দেশের অর্থমন্ত্রীরা নভেম্বরের শেষ ভাগে মিলিত হয়েছিলেন আয়ারল্যান্ডের সংকট উত্তরণ প্যাকেজের ব্যাপারে আলোচনা করার জন্য। মাস ছয়েক আগে গ্রিসের যেমন বৈদেশিক ঋণখেলাপি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তেমনি আয়ারল্যান্ডের অর্থনীতিও এখন জোড়া সংকটের মুখোমুখি। একদিকে বৈদেশিক ঋণ শোধে রাষ্ট্র ব্যর্থ হওয়ার আশঙ্কা, অপরদিকে আয়ারল্যান্ডকে একই সময়ে অভ্যন্তরীণ ব্যাংক খাতের গভীর সংকটের সঙ্গে খাপ খাওয়াতে হচ্ছে। দেউলিয়া হয়ে পড়া থেকে আয়ারল্যান্ডকে বাঁচাতে যে সংকট উত্তরণ প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে, তা আকারের দিক থেকে বিশাল—৮৫ বিলিয়ন ইউরোর প্যাকেজ। এটা অভূতপূর্ব। এই অর্থের প্রায় অর্ধেক, অর্থাৎ ৪৫ বিলিয়ন ইউরো সরবরাহ করা হবে ইউরোপীয় ইউনিয়নের জরুরি তহবিল থেকে। গ্রিসের ঋণসংকটের সময় এই তহবিল গঠন করা হয়। প্রায় ২২ দশমিক ৫ বিলিয়ন ইউরো জোগান দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই বিশ্ব সংস্থাটি বেশ কিছু ‘উন্নয়নশীল গরিব দেশ’কে কৃচ্ছ্রসাধন পদক্ষেপের দিকে যেতে বাধ্য করেছে। যদিও বাইরে থেকে মনে হতে পারে, ইউরোপের অর্থমন্ত্রীদের নভেম্বর সমঝোতা ইউরো-অঞ্চলে স্বাস্থ্যকর সংহতির বহিঃপ্রকাশ, অথচ আইরিশ সরকার নিজেও শুরুতে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফের এই উদ্ধার-প্রচেষ্টার বিরোধিতা করেছিল। দেশটির আশঙ্কা ছিল, এতে কর্মজীবী জনগণের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে দেশটার সার্বভৌমত্ব আরও ক্ষুণ্ন হবে।২০১০ সালের বিরাট সময়জুড়ে ইউরো-অঞ্চলকে ঘিরে বারবার অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শক্তিধর রাষ্ট্রগুলো, বিশেষত জার্মানি এ জন্য প্রধানত দায়ী করেছে ইউরো-অঞ্চলের দুর্বলতম দেশগুলোকে, যারা ভারসাম্যপূর্ণ বাজেট আর সার্বিক ঋণ পরিশোধক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে গত এপ্রিলে গ্রিস যখন বৈদেশিক অর্থনৈতিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ার হুমকিতে, তখন ইউরো-অঞ্চলের শক্তিশালী রাষ্ট্রগুলো গ্রিসকে কঠোর শাস্তি দিল। সেই সংকট নিরসনে অনুসৃত পথে গ্রিসের ওপর যে অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে, তাতে কোনো রাখঢাক ছিল না। বৈদেশিক ঋণ শোধের সময়সূচি পুনর্বিন্যস্ত করে নেওয়ার সুযোগ গ্রিসকে তখন দেওয়া হয়েছিল। কিন্তু বৈদেশিক ঋণদাতাদের আশ্বস্ত করতে গ্রিসকে যে হারে সুদ দিতে হলো, তা ছিল মাত্রাতিরিক্ত। একপর্যায়ে গ্রিক বন্ডের ওপর সুদের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেল, যা তখনকার জার্মান বন্ডের সুদের হারের পাঁচ গুণ। এবার ইউরোপীয় ইউনিয়নের জরুরি তহবিল থেকে ঋণ পেতে আয়ারল্যান্ডকে যে সুদের হার বেঁধে দেওয়া হয়েছে, সেটিও অত্যধিক। আইএমএফের নিয়মিত সুদের হারের চেয়েও তা বেশি বলে সংবাদ বেরিয়েছে। অন্যদিকে, গ্রিক ও আইরিশ জনগণের ওপর চাপানো হয়েছে কঠোর কৃচ্ছ্রসাধনের ব্যবস্থা। উদাহরণস্বরূপ কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে নেওয়া নানা পদক্ষেপের মধ্যে ছিল, মূল্য সংযোজন করের (ভ্যাট) স্তর বৃদ্ধি আর অবসরে যাওয়ার বয়স অনেক বাড়ানো (৫৩ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছে)।এসব নির্মম পদক্ষেপকে বৈধতা দিতে যে যুক্তিগুলো হাজির করা হয়, তা কি ন্যায্য? ইউরো-অঞ্চলের সংকট নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ইউরোপের শক্তিশালী দেশের কিছু রাজনীতিকের বিশ্লেষণ আসলে কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্ন সংকটের শুরুর সময় থেকেই বিশিষ্ট অর্থনীতিবিদেরা উত্থাপন করেছেন। জার্মানির শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ টিল ভ্যান ট্রিক মনে করেন, ইউরোপের সমস্যার মূল উৎস দুর্বল দেশগুলোর ভারসাম্যহীন বাজেট নয়, বরং জার্মানির নিজস্ব অর্থনৈতিক কৌশল। তিনি একে ‘বেনিয়াবাদ’ হিসেবে চিহ্নিত করেন। ষোলো শতকের অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী, পুঁজিবাদী অর্থনীতির প্রবৃদ্ধি সবচেয়ে ভালোভাবে নিশ্চিত হয় পণ্য রপ্তানি বাড়িয়ে। জার্মানির আগের চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার (সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, এসপিডি) আর বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল (ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস, সিডিইউ) উভয়ই এই বেনিয়াবাদী কৌশলের মাধ্যমে জার্মান অর্থনীতির চাঙা ভাব নিশ্চিত করে আত্মতৃপ্তি বোধ করেন। রপ্তানি বৃদ্ধির ওপর নির্ভরতার দিক থেকে জার্মানির অবস্থান চীনের মতোই। টিল ভ্যান ট্রিকের গবেষণা উপাত্ত অনুযায়ী, ইউরো-অঞ্চলের মধ্যে জার্মানি একমাত্র দেশ, যার ১৯৯৯ থেকে ২০০৭ সময়কালে জিডিপি বৃদ্ধিতে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের চেয়ে রপ্তানি বেশি ভূমিকা রেখেছে। এই এক দশকে জার্মানির অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়েছে, পাশাপাশি দেশটি ইউরো-অঞ্চলের অন্য দেশগুলোর পণ্য রপ্তানিকে দাবিয়ে রেখে নিজের রপ্তানিকে উৎসাহ জুগিয়েছে।এই সহস্রাব্দের প্রথম দশকে জার্মান শাসকেরা যে অর্থনৈতিক কৌশল অবলম্বন করেছেন, তার সামাজিক ফলাফলকে পাশ কাটিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। শ্রোয়েডার ও মেরকেল বেনিয়াবাদী নীতি বাস্তবায়নের পাশাপাশি জার্মান শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী কতগুলো নীতি গ্রহণ করেছেন। ব্যাপারটি বুঝতে তুলনামূলক চিত্র উপকারে আসতে পারে। ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে জার্মানিতে শ্রমের এককের মূল্যমান বেড়েছে ২ শতাংশের কাছাকাছি। অন্যদিকে ইউরোপের ‘দুর্বল’ রাষ্ট্রগুলোতে (গ্রিস, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন) বেড়েছে ২৮ থেকে ৩১ শতাংশ। যেখানে জার্মানিতে শ্রমমূল্য বৃদ্ধি অতি নগণ্য, সেখানে ইউরোপে জার্মানির প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রান্সে তা বেড়েছে ১৭ শতাংশ। জার্মানির অর্থনৈতিক কৌশল বহুলাংশে নির্ভরশীল শ্রমমূল্য কমানো এবং অভ্যন্তরীণ শ্রমবাজার পুনর্গঠনের ওপর। গত দশকে জার্মানি শ্রমসম্পর্কের বিধিনিষেধ অনেক আলগা করে দিয়েছে। পুরোনো শিল্পোন্নত অর্থনীতির বিবর্তনের ওপর দৃষ্টি রাখার আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) তথ্য থেকেও দেখা যাচ্ছে, ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে ওইসিডির অন্য দেশগুলোর তুলনায় জার্মানিতে সামাজিক অসমতা দ্রুত বেড়েছে। চলতি বছরের শেষ ভাগে এসে স্পষ্টই দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়ার হুমকিতে। প্রশ্ন হলো, এর জন্য দায়ী কে? গ্রিস বা আয়ারল্যান্ডের মতো দুর্বল দেশগুলোর অপরিণামদর্শিতা, নাকি জার্মানি, নেদারল্যান্ডসহ ইউরো-অঞ্চলের শক্তিশালী দেশগুলোর বেনিয়াবাদী নীতি? জার্মান চ্যান্সেলরের অবস্থান একদম পরিষ্কার। গত এপ্রিলে সংকটের শুরুতে তিনি তাঁর সমর্থক ভোটারদের বিরোধিতার দোহাই দিয়ে (অর্থাৎ জার্মান করদাতাদের স্বার্থের কথা বলে) তাঁর অবস্থান থেকে একটুও সরতে চাননি। আর এখন তিনি ইউরোপের ‘উন্নয়নশীল’ দেশগুলোতে জার্মান ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সুরক্ষিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক কার্যপ্রণালি পাশ কাটিয়ে যেতেও প্রস্তুত। ২০০৯ সালে কার্লসরুহি নগরে সাংবিধানিক আদালত জার্মান সরকারকে নির্দেশ দিয়েছে উদারনৈতিক একত্রীকরণের লক্ষ্যে লিসবন চুক্তি বিষয়ে জার্মানির সংসদীয় প্রতিষ্ঠানগুলোতে ভোটাভুটির আয়োজন করার জন্য। কিন্তু আইনি প্রতিবন্ধকতাকে পাত্তা না দিয়ে মেরকেল তাঁর নিজের মতো এগিয়ে চলেছেন। গত নভেম্বরে তিনি লিসবন চুক্তি পুনর্বিবেচনা করতে রাজি হতে ইউরোপের অর্থমন্ত্রীদের বাধ্য করেছেন। তাঁর উদ্দেশ্য গ্রিস-সংকটের পর প্রতিষ্ঠিত জরুরি তহবিলকে স্থায়ী রূপদান। ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলোর পিছিয়ে আসার কোনো পথ খোলা নেই। রপ্তানিকেন্দ্রিক কৌশল বজায় থাকা আর ইউরোপের দেশগুলোতে সাধারণ মুদ্রা হিসেবে ইউরো টিকে থাকার মধ্যেই তাদের স্বার্থ নিহিত। ইংরেজি থেকে অনুবাদ: আহসান হাবীবড. পিটার কাস্টার্স: গবেষক, বাংলাদেশ বিশেষজ্ঞ ও প্রথম আলোর ইউরোপ প্রতিনিধি।