ইছামতী থেকে অবাধে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়েছে, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ মিয়া ও তাঁর লোকজন ১০-১২ দিন ধরে উপজেলার ভাঙ্গাভিটা এলাকায় ইছামতী নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন। এতে নদীতীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

প্রশ্ন হচ্ছে এভাবে অবাধে বালু তোলা হচ্ছে, অথচ স্থানীয় প্রশাসন কিছুই করছে না। তারা কেন হাত গুটিয়ে বসে আছে? মুরাদ মিয়া স্থানীয়ভাবে প্রভাবশালী বলে কি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

মো. মুরাদ মিয়া অবশ্য দাবি করেছেন যে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তিনি বালু উত্তোলন করছেন এবং উপজেলা ও থানা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তাঁর দাবি যদি সত্যি হয়, তাহলে তা খুবই দুঃখজনক। ভূমি মন্ত্রণালয় এভাবে অন্যের ঘরবাড়ি ও কৃষিজমিকে হুমকির মুখে ফেলে কাউকে বালু উত্তোলনের অনুমোদন দিতে পারে না। এটা মন্ত্রণালয়ের উচিত হয়নি। আর উপজেলা ও থানা প্রশাসনেরও উচিত ছিল মো. মুরাদ মিয়াকে নদী থেকে বালু তুলতে বাধা দেওয়া।

শুধু মুরাদ মিয়া নয়, সারা দেশেই এভাবে অনেকে বিভিন্ন নদী থেকে বালু তুলেছেন বা তুলছেন। বেশির ভাগ ক্ষেত্রেই বালু তোলা হচ্ছে কোনো অনুমোদন ছাড়াই এবং বালু উত্তোলনকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী। বালু দিয়ে বিভিন্ন স্থানের পুকুর, ডোবা-নালা ভরাট করা হয়। অনেক বালু ব্যবসায়ী নদীর তীরে বালু মজুত করে তা বিক্রি করেন। এভাবে নদী থেকে বালু তোলার ফলে অনেক গ্রাম ও কৃষিজমি নদীর পানিতে বিলীন হয়ে গেছে।

অবৈধভাবে কেউ যাতে বালু তুলতে না পারে, সে জন্য ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।