করোনা মহামারির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করা। সেটি আমরা খুব ভালো করে বুঝলেও ঠিক উল্টোটাই আমাদের কর্মকাণ্ড। মহামারির মধ্যে প্রাকৃতিক দুর্যোগও হানা দিচ্ছে। টেকসই বাঁধের জন্য এখনো অনেক মানুষ ভুগছে। এর মধ্যে বন্যানিয়ন্ত্রণ বাঁধকে ঝুঁকিতে ফেলে নদীতীরবর্তী মাটি কেটে নিচ্ছেন ইটভাটার মালিকেরা। পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাইনটকি এলাকা প্রমত্ত বিষখালী নদীর তীরে প্রশাসনের চোখের সামনে এ ঘটনা ঘটছে। আমাদের প্রশাসন মনে হয় দেখে যাওয়ার কাজটিই ভালো পারে, নয়তো তাদের কোনো বাধা ছাড়া কীভাবে এমন কর্মকাণ্ড হয়!
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ইট তৈরির মৌসুম শুরুর আগেই বিষখালী নদীর চর ও তীরের মাটি কাটা শুরু করে দিয়েছেন ইটভাটার মালিকেরা। বন্যানিয়ন্ত্রণ বাঁধের খুব কাছ থেকে মাটি কেটে নেওয়ার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ। এভাবে মাটি কেটে নেওয়ায় চরাঞ্চলের কৃষিজমিও বিলীন হয়ে যাচ্ছে। নদীর পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর ইট তৈরির মৌসুম শুরু হলে ইটভাটাগুলোর মালিকেরা শ্রমিক দিয়ে নদীর চর ও তীর থেকে মাটি কেটে নিয়ে যান। কিন্তু এ বছর মৌসুম শুরুর আগেই মাটি কাটা শুরু হয়েছে। এতে করে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ছয়টি ইটভাটার জন্য এভাবে মাটি কাটা হচ্ছে। যদিও ভাটার মালিকদের দাবি, নদীর তীরের মাটি কাটার তথ্য সত্য নয়। মালিকদের মধ্যে ক্ষমতাসীন দলের নেতারা আছেন বলে আমরা জানতে পেরেছি। স্থানীয় সাংসদের কাছের লোকেরাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, জেলায় ৫০টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ ইটভাটার ইট তৈরির অনুমতিপত্র নেই। তবে যেসব ইটভাটার অনুমতিপত্র আছে, তারা সরকারি নিয়মনীতি মেনেই ইট তৈরি করছে বলে দাবি করেন তিনি।
ইটভাটা বসানোর জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। অর্থ ও ক্ষমতার জোর থাকলে অনুমতির তোয়াক্কাও করেন না অনেকে। এর জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের গড়িমসি ও অবহেলার কথাও আমরা জানতে পেরেছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হলেও তা অনেকটা লোকদেখানো। একটি প্রশাসন চাইলে কেন অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে পারবে না, বাঁধ ও পরিবেশকে হুমকিতে ফেলে মাটি কাটা বন্ধ করতে পারবে না? বিষয়টি খুবই দুঃখজনক। লোকদেখানো অভিযান বা হাত গুটিয়ে বসে থাকার দিন কি তাদের ফুরাবে না?