ইটভাটার কালো ধোঁয়ায় ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ছয় বছর আগে লোপাড়া গ্রামে ছয় একর কৃষিজমিতে ওই ইটভাটা স্থাপন করা হয়। পরিবেশ অধিদপ্তর ও কৃষি অফিস থেকে ছাড়পত্র না নিয়েই এই ইটভাটা স্থাপন করা হয়। এরপর থেকে ওই ভাটায় ইট পোড়ানোর ধোঁয়ায় এলাকার কৃষকদের ধানসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বোরো মৌসুমে ওই ইটভাটার কালো ধোঁয়ায় ভাটার উত্তর পাশের কৃষকদের জমির ধান নষ্ট হয়ে যায়। অথচ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। কৃষকেরা প্রশাসনের কাছে ফসল রক্ষার আবেদন করেও স্থায়ী কোনো ফল পাচ্ছেন না। প্রশাসন ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেই খালাস। গত বছর ওই ভাটার মালিক উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৪৫ জন কৃষককে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেন। কিন্তু এগুলো কোনো স্থায়ী সমাধান নয়।

কৃষকদের ফসল বাঁচাতে হলে অবৈধভাবে স্থাপিত এই ইটভাটাকে সরাতে হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ও কৃষিজমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ বাস্তবে দেখা যাচ্ছে,
তা মানা হচ্ছে না। একটি ইটভাটার জন্য লাখ লাখ টাকার ফসলের ক্ষতি হচ্ছে। অথচ ইটভাটা সরানোর ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এখন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু জরিমানা আদায় বা কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষিজমিতে অবৈধভাবে গড়ে ওঠা এই ইটভাটাকে সরিয়ে ফেলতে দ্রুত উদ্যোগ নিতে হবে। শুধু তা-ই নয়, অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার জন্য এর মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।