ইটভাটায় শিশুশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন, কারখানা আইন ও শিশু আইনে ১২ বছরের কম বয়সী শিশুদের শ্রমে নিয়োগ নিষিদ্ধ হলেও তা যে মানা হচ্ছে না তা আরেকবার বোঝা গেল কেরানীগঞ্জের জাজিরার চরে কর্মরত শিশুদের খবর পড়ে।
বুধবার প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী, কেরানীগঞ্জে শতাধিক ইটভাটা আছে। আর এসব ইটভাটায় প্রতিদিন প্রায় ৫০০ শিশু কাজ করে। এদের বেশির ভাগেরই বয়স ১২ বছরের নিচে। এসব শিশু ইট তৈরি ও ইট টানার কাজ করে। প্রত্যেক শিশুকে রোজ প্রায় ৫০০ ইট মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়। একেবারে নিতে হয় ছয়টি ইট, যার ওজন সব মিলিয়ে ২০ কেজি। ৫০০ ইট টানার বিনিময়ে মেলে মাত্র ৫০ টাকা। একসঙ্গে ছয়টি ইট বহন করতে গিয়ে অনেক শিশু দুর্ঘটনায়ও পড়ছে। এসব শিশু ভাটাতেই ঘুমায়। ভোরে ঘুম থেকে উঠে চলে যায় ইটখোলায়। টানা কাজ করে বিকেল চারটা পর্যন্ত। শিশুশ্রমের এ চিত্র সত্যিই ভয়াবহ।
বাংলাদেশ সরকার জাতিসংঘ শিশু অধিকার সনদ এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধ ও নিরসনবিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নীতি ২০১০ প্রণয়ন করা হয়েছে। কিন্তু তারপরও এ দেশের বহু শিশুর বিভিন্ন কায়িক ও ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম সমীক্ষা ২০১৩-এর তথ্য অনুযায়ী, দেশে সাড়ে ৩৪ লাখ শিশু কর্মরত রয়েছে। তার মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত আর ২ লাখ ৬০ হাজার শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। ফলে বোঝা যাচ্ছে কাগজে–কলমে যা–ই থাক, পরিস্থিতির উন্নয়নে বড় ঘাটতি রয়ে গেছে।
মূলত দারিদ্র্যের কারণে শিশুরা বিভিন্ন কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে। তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শ্রমে নিয়োগ করছে। আইএলও কনভেনশনের অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের চেষ্টা থাকা উচিত সব ক্ষেত্রে শিশুশ্রম অবসানে কার্যকর উদ্যোগ নেওয়া। দারিদ্র্য দূর করার পাশাপাশি কেরানীগঞ্জের ইটভাটাসহ যেসব প্রতিষ্ঠান শিশুদের শ্রমে নিয়োগ করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।