ইন্টারনেট-বঞ্চিত ১৪ কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ও ইন্টারনেট ডট ওআরজির এক প্রতিবেদনে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা হতাশাজনক। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট থেকে বঞ্চিত মানুষ আছে ১৪ কোটি ১৫ লাখ। সেই হিসাবে ইন্টারনেট থেকে বঞ্চিত একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। আর ইন্টারনেট ব্যবহারের দিক থেকেও বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো নয়। ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৪তম।
অথচ বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৬ কোটি ৭০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। আর গবেষণার হিসাব বিবেচনায় নিলে বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।
বর্তমান সরকার যেখানে ২০২১ সালের মধ্যে দেশকে পুরোপুরি ডিজিটালে রূপান্তরের চিন্তাভাবনা করছে, সেখানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই দৈন্য কিছুতেই মেনে নেওয়া যায় না। একটি দেশের ১৬ কোটি মানুষের মধ্যে যদি ১৪ কোটি ১৫ লাখ মানুষ ইন্টারনেট-বঞ্চিত থাকে, সে দেশ আর যা-ই হোক ডিজিটাল দেশে রূপান্তরিত হতে পারবে না। সরকারকে এ ব্যাপারে এখনই তৎপর হতে হবে।
আর সরকারের হিসাব আর বাইরের গবেষণার হিসাবের এই গরমিল কেন? কোন হিসাবটি ঠিক কিংবা বেঠিক? তারচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রায় ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে—এটা ভেবে আত্মতৃপ্তির সুযোগ নেই। কেউ বছরে একদিন ইন্টারনেট ব্যবহার করলে তিনি হিসাবের আওতায় এসে গেলেন। কিন্তু তাতে ডিজিটাল বা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না।
আমাদের দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির কিছু বেশি। কিন্তু মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের খরচ বেশি। এ কারণে লোকজন মোবাইলে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত হয় না। ইন্টারনেটের অনেক বিষয় বাংলা ভাষায় নয়। এ কারণে অনেকে ইন্টারনেট ব্যবহার করে না। এ ছাড়া দেশের বিরাটসংখ্যক মানুষ ইন্টারনেটে কেবল ফেসবুক, ইউটিউব ও গেমস চালায়, কোনো উৎপাদনশীল কাজ বা লেখাপড়ার কাজে ইন্টারনেটের ব্যবহার কম। ফেসবুক, ইউটিউব এগুলো মানুষকে বেশি দিন ইন্টারনেটে ধরে রাখতে পারে না। সরকারকে ইন্টারনেটভিত্তিক ই-কমার্স, ইন্টারনেটভিত্তিক পড়াশোনা ইত্যাদি চালু করতে হবে। তবেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে।