ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারের সক্ষমতায় ৫১টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩—এই তথ্যটি ‘ডিজিটাল বাংলাদেশের’ স্লোগানধারী দেশটির জন্য সুখকর নয়। ভারত-পাকিস্তানসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সূচক যখন যথেষ্ট এগিয়ে, তখন ইন্টারনেট ব্যবহারের সক্ষমতায় পিছিয়ে পড়ার বিষয়টি খুবই হতাশাজনক। উল্লেখ্য, এই সূচকে পাকিস্তানের অবস্থান ২৫ ও ভারতের ৩০।
বৈশ্বিক ইন্টারনেট ফোরাম অ্যালায়েন্স ফর অ্যাফর্ডেবল ইন্টারনেটের (এফোরএআই) ‘অ্যাফর্ডেবলিটি ইনডেক্সে’ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে থাকার কারণ হিসেবে দারিদ্র্যকে মূল সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ও ইন্টারনেট ব্যবহারের যে খরচ, এই দুটির মধ্যে সামঞ্জস্যের অভাব থাকার কারণেই ইন্টারনেটের ব্যবহার যে গতিতে বাড়ার কথা, সে গতিতে বাড়ছে না।
ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও জ্ঞান-বিজ্ঞানের কোনো স্তরেই এখন ইন্টারনেটের ব্যবহার ছাড়া চিন্তা করা যায় না। উন্নয়ন ও ইন্টারনেটের ব্যবহার এখন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এমডিজির পর জাতিসংঘ সামনে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি করতে যাচ্ছে, সেখানেও ইন্টারনেট-সেবা সম্প্রসারণের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ইন্টারনেট-সেবার সম্প্রসারণ ও ব্যবহার বাড়ানো খুবই জরুরি হয়ে পড়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে সে কারণেই ইন্টারনেট সুলভ ও দেশের সব অঞ্চলে এর প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
ইন্টারনেটকে দেশের সবখানে সহজলভ্য করে তুলতে হলে প্রথমে অবকাঠামো গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। আমরা দেখেছি যে সরকার ব্যান্ডউইথের দাম বেশ কয়েকবার কমালেও ইন্টারনেট ব্যবহারের খরচ কমেনি। অর্থাৎ আইএসপিগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ জন্য প্রয়োজনীয় ও সঠিক নীতি গ্রহণের পাশাপাশি বিটিআরসির মতো প্রতিষ্ঠানগুলোর দক্ষতার বিষয়টিও জরুরি।