ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থানের অবনতি হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থানের অবনতি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা, ইন্টারনেটে মতপ্রকাশের কারণে গ্রেপ্তার ও হামলার শিকার হওয়ার মতো প্রভৃতি কারণে বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার সূচকে পিছিয়ে গেছে।
ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে ২০১৫ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫১। আর ২০১৪ ও ২০১৩ সালে ছিল ৪৯। এ বছরের স্কোর ৫৬। অর্থাৎ গত চার বছরে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের স্বাধীনতা ধারাবাহিকভাবে কমেছে। ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের মানুষ আংশিক স্বাধীন। এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ একটি ধারাকে দায়ী করেছেন। তাঁর মতে, ওই ধারার কারণে মানুষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশে ভয় পায়।
এ বিশেষ ধারাটি হচ্ছে ৫৭ ধারা। এ ধারা অনুযায়ী, কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করা যাবে না, যা মিথ্যা ও অশ্লীল বা যা কেউ দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট হতে পারেন অথবা যা দ্বারা কারও মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেওয়া হয়। কেউ এ রকম কিছু করলে তা হবে একটি অপরাধ এবং তিনি অনধিক ১৪ বছর এবং অন্যূন ৭ বছর কারাদণ্ডে এবং ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ আইনে পুলিশকে সরাসরি মামলা করার ও পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে।
এই ৫৭ ধারাতেই সাংবাদিক প্রবীর সিকদারসহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। একটি স্বাধীন দেশে এ রকম আইন থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। আইন মন্ত্রণালয় ৫৭ ধারা সংশোধনের উদ্যোগ নিচ্ছে বলে গত ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তার সংশোধন হয়নি। সরকারের কাছে আমাদের দাবি—দ্রুত এ ধারা সংশোধন করে বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হোক।