২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১৪ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট সুবিধা পান না। ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বিশ্বব্যাংকের ভাষায় এ বিপুলসংখ্যক মানুষকে ‘অফলাইন’ জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত দুই বছরে যঁারা অনলাইন হয়েছেন, তঁাদের হিসাবে ধরলেও মানতেই হবে যে দেশের সিংহভাগ মানুষের ইন্টারনেট সুবিধা নেই! তারা কিনা অফলাইন জনগোষ্ঠী। বোঝা যায় স্বপ্ন বাস্তবতা থেকে কতটা দূরে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। কিন্তু তাদের সিংহভাগের ইন্টারনেট সুবিধা নেই। এতে আরও বলা হয়েছে, বর্তমানে তথ্যপ্রযুক্তি খাত থেকে যে কর্মসংস্থান হয়, তা বাংলাদেশের মোট কর্মসংস্থানের আধা শতাংশেরও কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৫০ জন। অর্থাৎ প্রায় ২ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। ১৫ কোটি মানুষ যেখানে এখনো ইন্টারনেট সুবিধার বাইরে, সেখানে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে পুরোপুরি ডিজিটালাইজড করার আশা কি আদৌ বাস্তবসম্মত?
সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আইসিটি খাতের অবদান ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য সারা দেশে ইন্টারনেটভিত্তিক সাত হাজার পেশাজীবী তৈরির কাজ চলছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ছয়টি সফটওয়্যার প্রযুক্তি পার্ক তৈরির কাজ এখন এগিয়ে চলছে। এসব পদক্ষেপ কি ডিজিটাল বাংলাদেশ গড়ার পক্ষে যথেষ্ট?
ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আগে দেশের অধিকাংশ মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। এর কোনো বিকল্প নেই। না করতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করা কঠিন হয়ে পড়বে। মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিংয়ে আমরা যে বিপ্লবের সূচনা করেছি, তা এখন ইন্টারনেটেও করতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে সরকারকে এ ব্যাপারে দ্রুত কৌশল ঠিক করতে হবে।