ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়, আয়বৈষম্য এবং চাহিদা বৃদ্ধি যে মাত্রায় বেড়েছে, তাতে মধ্য থেকে নিম্ন—সব শ্রেণির পেশাজীবীই অধিকতর উপার্জন আশা করেন। কারও কারও জন্য এই বৃদ্ধি মানবিক প্রয়োজন। ইন্টার্ন চিকিৎসকদের বিষয়টিও তাই বিবেচনায় নেওয়া প্রয়োজন। কিন্তু কর্মবিরতি ছাড়া দাবি জানানোর অন্য কোনো উপায় কি নেই? সেবায় নিয়োজিত পেশাজীবীদের কর্মবিরতি সেবানির্ভর মানুষ, বিশেষত চিকিৎসাধীন মানুষের জন্য যথেষ্ট দুর্ভোগের কারণ ঘটায়।
ইন্টার্ন চিকিৎসকদের ১৫ দিনের আলটিমেটামইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক। যেখানে একজন শ্রমিক আট ঘণ্টা কাজ করে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা উপার্জন করেন, সেখানে তাঁদের আরও বেশি সময় কাজ করে দৈনিক ৩৩৩ টাকা ভাতা হয় কী করে? ইন্টার্ন চিকিৎসকেরা হলেন পেশাদার চিকিৎসকের স্তরে উন্নীত হওয়ার প্রক্রিয়ার অংশ। জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শে ও নির্দেশনায় তাঁরা স্বাস্থ্যসেবা দেন, চিকিৎসা করেন। এই পেশায় যে পরিমাণ মনোযোগ ও নিবিড় যত্ন প্রয়োজন হয়, তার যথাযোগ্য আর্থিক প্রতিদান ছাড়া সেটা নিশ্চিত করা কঠিন। একজন পূর্ণ চিকিৎসক চাকরি অথবা প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে অনেক আয়ের ব্যবস্থা করতে পারেন; ইন্টার্ন চিকিৎসকদের সেই সুযোগ নেই। অষ্টম বেতনকাঠামো ঘোষণা থেকেও তাঁরা বাদ পড়ে গেছেন।
দ্বিতীয়ত, সরকারি বা বেসরকারি যা-ই হোক, মেডিকেল শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল। যথেষ্ট অর্থ ব্যয় করে যোগ্য হয়ে সেবার বিনিময়ে যদি তাঁরা ন্যায্য প্রতিদান না পান, তাহলে বঞ্চনার বোধ জন্ম নিতে পারে। সারা দেশে সরকারিভাবে মাত্র চার হাজার এবং বেসরকারি হাসপাতালে মাত্র তিন হাজার ইন্টার্ন চিকিৎসকের ভাতা বাড়ানো কোনো কঠিন বিষয় নয়। এর জন্য বড় আকারের ব্যয়ও হবে না।
সর্বশেষ ২০০৯ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছিল। এর পরে ছয় বছর গত হতে চলেছে। স্বাভাবিকভাবেই তাঁদের ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি যৌক্তিক। এ ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ দাবি করছি।