সব ইপিজেডে নারী শ্রমিকদের জন্য ডরমিটরি বা হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে খুবই বিচক্ষণতা দেখিয়েছে সরকার। বেপজার বেলায় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, অন্য শিল্প খাতেও তেমনি সুদৃষ্টি দেবেন বলে প্রত্যাশা।
গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত এ সিদ্ধান্ত প্রকাশিত হয়। ইপিজেডে নারী শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হলে শ্রমিক ও বিনিয়োগকারী উভয়েই লাভবান হবে।
শ্রমিকদের জীবনমান বাড়লে তাঁদের দক্ষতা ও সেবাও বাড়ে; এটা প্রমাণিত। দেশে ষাটের দশকে গঠিত কলকারখানার পাশে শ্রমিকদের জন্য আবাসন, চিকিৎসা ও বিদ্যালয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বেসরকারীকরণের ধাক্কায় ও মালিকদের অতি মুনাফার লোভ শ্রমিকদের সেই সাধারণ সুযোগগুলো থেকে অনেকটাই বঞ্চিত করেছে। এরই পরিণতি হলো নিরন্তর শ্রমিক বিক্ষোভ ও উৎপাদনশীলতার নিম্নগামী হওয়া।
আমরা আশা করব, কেবল বেপজায় নয়, এর বাইরের পোশাকশিল্পসহ অন্যান্য খাতে নিয়োজিত শ্রমিকদের ক্ষেত্রেও বিষয়গুলো পর্যায়ক্রমে বিবেচনায় নিতে হবে। টেকসই শিল্প খাতের বিকাশে স্বাস্থ্যবান, সচ্ছল শ্রমিক অপরিহার্য। ঢাকা ও চট্টগ্রামের মতো শিল্পঘন অঞ্চলে শ্রমিকদের করুণ পরিবেশে বসবাস করে শ্রম দিতে হয়। কারখানা থেকে দূরের বস্তিতে বসবাস, শ্রমিকদের শিশুদের মানবেতরভাবে বেড়ে ওঠাসহ ইত্যাকার সমস্যার সমাধান তো লাগবে।
যেহেতু শ্রমিকদের বর্তমান মজুরিকাঠামোয় মোটামুটি বাসযোগ্য আবাসনের ব্যবস্থা করা সম্ভব নয়, সে কারণে সরকারকেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। আইন করে মালিকদের শ্রমিক আবাসনের ডরমিটরি নির্মাণে বাধ্য করতে হবে। এ ব্যাপারে ক্রেতা দেশ ও কোম্পানিগুলোরও সাহায্য নিশ্চিত করায় দেনদরবার করতে হবে। একে খরচ হিসেবে না দেখে শৃঙ্খলা ও উৎপাদনশীলতার বিনিয়োগ হিসেবে দেখতে হবে।