মিয়ানমারের ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) মতো জাতিগত সশস্ত্র বিদ্রোহী সংগঠন কয়েক বছর আগে বাংলাদেশে ব্যাপক ভিত্তিতে ইয়াবা চোরাচালান শুরু করেছিল বলে প্রচার রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনে দেশে ইয়াবা সেবন ছয় বছরে ৭৭ গুণ বৃদ্ধির গভীর উদ্বেগজনক তথ্য নিশ্চিত করছে যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ইয়াবার ভয়াবহ অনুপ্রবেশ ও দ্রুত বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়েছে।
নিরাপত্তা সাময়িকী জেনস বলেছে, মিয়ানমারের নিকটবর্তী চোরাচালানকারী সংস্থাটি ‘পরিকল্পিতভাবে বাংলাদেশে কম দামে ইয়াবা বাজারজাতকরণের’ একটি কৌশল বেছে নিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। তবে একে প্রতিহত করতে রাজনৈতিক সদিচ্ছা যতটা দরকার, তাতে বিরাট ঘাটতি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়াবা উদ্ধারের বড় ঘটনায় ছাত্রলীগের নাম এসেছে। ইয়াবার সেবন বৃদ্ধি ও এর বিস্তারে সরকারি দলের কোনো কোনো মহলের অলিখিত পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। খোদ সরকারি গোয়েন্দা বিভাগ ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ৭৬৪ জনের যে তালিকা তৈরি করেছে, তার এক নম্বরে কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির নাম রয়েছে। কিন্তু সাংসদ বদির বিরুদ্ধে অভিযোগ এবং তাঁর জোরালো অস্বীকৃতি নতুন কোনো ঘটনা নয়। তিনি ইয়াবা ব্যবসায় জড়িত থাকলে তাঁকে ক্রসফায়ারে দেওয়ার যে উক্তি তিনি করেছেন, তাতে নাটকীয়তা আছে, কিন্তু তা মোটেই যুক্তিগ্রাহ্য নয়।
থাইল্যান্ডে ইয়াবা দমনে প্রায় আড়াই হাজার ব্যক্তিকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়েছিল বলে খবর রয়েছে। ওই ঘটনার পরই পাচারকারীরা নতুন বাজার হিসেবে বাংলাদেশকে টার্গেট করেছিল। বিচারবহির্ভূত হত্যা কোনো সমাধান হতে পারে না। আমরা মনে করি, একেবারে নির্মূল করা না গেলেও ইয়াবা নিয়ন্ত্রণ সম্ভব। মিয়ানমার সরকারের সহযোগিতা আদায়, সীমান্তে কড়াকড়ি, সামাজিক আন্দোলনকে বেগবান এবং আইন প্রয়োগকারী সংস্থার সর্বাত্মক ভূমিকা প্রত্যাশিত। তবে সবার আগে সরকারি দলের সদিচ্ছা জরুরি।