ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া ও পরবর্তী ঘটনাপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ও বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ কিংবা গুম হওয়া দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাওয়ার আশু কারণ হিসেবে তৈরি হয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে দিতেই হবে—এ দাবিতে বিরোধী দল সরকারকে ২৮ এপ্রিল শনিবার পর্যন্ত মেয়াদ বেঁধে দিয়েছে। এরপর আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। ইলিয়াস নিখোঁজ হয়ে যাওয়ার কারণে একটি অত্যুজ্জ্বল ঘটনা চাপা পড়ে গেছে। তা হচ্ছে, আট মাসের শিশু মায়েশার অপহরণের ১৭ ঘণ্টা পর মা-বাবার কাছে ফিরে আসা। যে চারজন যুবক তাদের বাসায় লুট করেছিল, তারা যাওয়ার সময় মায়েশাকেও নিয়ে যায়। পরে তাদের মনে করুণা আসে। শিশুটিকে শারীরিক জখম বা শেষ করে না দিয়ে তার মা-বাবার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করে। ঠিক যেমন প্রাচীন উপকথায় আছে যে সদ্যভূমিষ্ঠ রাজপুত্র রাজার প্রাণসংহার করবে—এ ভবিষ্যদ্বাণী জেনে রাজা তাকে বধ করার জন্য ভৃত্যকে নির্দেশ দেন। কিন্তু ভৃত্যের শিশুর প্রতি দয়ার উদ্রেক হওয়ায় রাজপুত্রকে হত্যা না করে সে কোনো চাষির কাছে দিয়ে দেয়। সফোক্লিস রচিত রাজা ইডিপাসের জন্মবৃত্তান্ত এ রকম। প্রাচীন পারস্য সম্রাট সাইরাসের জন্মকাহিনিও একই ধারার।কিন্তু দয়ার এ ঘটনাটি চাপা পড়ে যায় দয়াহীনভাবে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর—এ কলাম লেখা পর্যন্ত অর্থাৎ আট দিনের মাথায়ও তাঁর ফিরে না আসায়। ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধ ঘটার প্রেক্ষাপটে মূল কারণ ছিল সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে ঔপনিবেশিক বাজার দখলের আগ্রাসী প্রতিযোগিতা। ১৯১৪ সালে এই বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বহু আগে থেকেই মিত্রপক্ষ (ব্রিটেন, ফ্যান্সসহ অন্যান্য দেশ) এবং অক্ষশক্তির (যার নেতৃত্বে ছিল জার্মানি) মধ্যে প্রলয়ংকরী বাগ্যুদ্ধ চলে আসছিল। কিন্তু সেই বাগ্যুদ্ধ কামানের যুদ্ধে পরিণত হয় যখন ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্জ ফার্ডিনান্ড ও তাঁর স্ত্রী সোফি সারজেভো শহরে জনৈক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই হত্যাকাণ্ড বিবদমান শিবিরের মধ্যে এত উত্তেজনা ছড়ায় যে ওই বছরের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। অর্থাৎ দুটি শিবিরই প্রস্তুত ছিল যুদ্ধে নামার এবং ফার্ডিনান্ডের মৃত্যু উপলক্ষ হিসেবে সেটা ত্বরান্বিত করে।ঠিক সে রকম যুদ্ধাপরাধীর বিচার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপি বছর খানেক ধরে দুটি বিবদমান শিবিরে পরিণত হয়ে উঠছিল। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাটা সে বিরোধের আগুনে ঘৃতাহুতি হয়েছে। মনে হচ্ছে এ ঘটনা দেশজুড়ে দুর্যোগপূর্ণ এবং সহিংস রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছে। এ সূত্রে বিরোধী দলের অভীপ্সা হচ্ছে, ২৮ তারিখের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া না হলে আবার লাগাতার হরতাল দেওয়া হবে রোববার, ২৯ এপ্রিল থেকে। কয়েকটি পত্রিকায় এ রকম ধারণা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরোধী দলকে অনুরোধ করেছেন শিক্ষার যাতে কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সচেতন থেকে কর্মসূচি দিতে। এবারের এইচএসসি পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। শিল্প ও বণিক ব্যক্তিত্ব এবং একটি দৈনিকের স্বত্বাধিকারী এ কে আজাদ একটি টিভি চ্যানেলে বলেছেন, শিল্প ও ব্যবসার ক্ষতি করে এমন রাজনৈতিক কর্মসূচি দেওয়া উচিত নয়। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হরতাল দেনেওয়ালাদের খোঁচা দিয়ে বলেছেন, হরতাল দিয়ে যদি ইলিয়াস আলীকে ফেরত পাওয়া যায়, তাহলে আরও এক দিন বাড়তি হরতাল দেওয়া হোক। এটা হলো প্রথম দফায় দেওয়া তৃতীয় দিনের হরতালের শেষে বলা।এই শেষের কথাটির মধ্যে হরতাল আহ্বান পালনকারীদের প্রতি যে খোঁচা আছে, সেটি গভীর বিবেচনায় আনা যায়। আমরা সবাই কায়মনোবাক্যে চাই ইলিয়াস আলী ফিরে আসুক তাঁর পরিবারের নিভৃত কুঞ্জে। বিরোধী দলের নেত্রীর কথা ঠিক যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নিয়ে মামলা হতে পারে। কিন্তু তাঁকে ‘গুম’ করা হবে কেন? মার্কিন রাষ্ট্রদূত মজীনাও একই মত প্রকাশ করেছেন। বস্তুত কোনো নাগরিকের, তিনি যে-ই হোন না কেন, তাঁর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া বা তাঁকে কেউ গুম করে ফেলা, এটা বোমাবাজিতে মৃত্যু হওয়ার চেয়েও ভয়ংকর! বাংলাদেশে এখন লোক লোপাট হয়ে যাওয়ার অপরাধ বৃদ্ধি পেয়েছে। এর মতো ভীতিকর অভিজ্ঞতা আর হতে পারে না। আর্জেন্টিনা কিংবা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এ অপরাধকাণ্ডটি ঘটে থাকে। সেটি এখন বাংলাদেশে আমদানি হয়েছে। একজন লোক ঘর থেকে বের হলো, কিন্তু আর ফিরে এল না। ভাবা যায়! প্রধানমন্ত্রীর একটি অসতর্ক উক্তি জাতির কাছে এখন আইরনিক্যাল বা বক্রোক্তি বলে মনে হবে। সাগর-রুনির হত্যার প্রেক্ষাপটে তিনি বলেছিলেন, কারও শোবার ঘর সরকার পাহারা দিতে পারে না। কথাটা ঠিক। কিন্তু এখন যে রাস্তাও পাহারা দেওয়া যাচ্ছে না, তার কী হবে? আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী হলে শোবার ঘর, বাসা, রাস্তা, দোকান—কোথাও অপরাধ ব্যাপকভাবে সংঘটিত হতে পারে না। কারণ, সাধারণ মানুষ আইনি শাস্তিকে ভয় পায়। এ ছাড়া অপরাধীরা পুলিশকেও ভয় পায়। অপরাধ ঘটবেই, কিন্তু তার জন্য শাস্তি নিশ্চিত থাকলে মানুষ অপরাধ করতে ভয় পাবে। কিন্তু একটি দেশের আবহতে যদি এ ধারণা স্থান পায় যে অপরাধ করলে কোনো শাস্তি হবে না, তখন গডফাদাররা সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন অপরাধীচক্র দেশের সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়। এদিকটায় বর্তমান সরকারের ভূমিকা খুব নাজুক। মায়েশার ১৭ ঘণ্টার জন্য অপহূত হওয়া এবং ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের মধ্যরাতে রাস্তা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার মধ্যে একটিই মিল—আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা। এ জন্য এত অশান্তি।সে যা-ই হোক, ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় অনেকে ভাবতে পারে, বিরোধী দল যে বলছে ইলিয়াস আলীকে সরকারি কোনো আইননিয়ন্ত্রক সংস্থা গুম করেছে, এর কী নির্দিষ্ট প্রমাণ তাদের হাতে আছে? শুধু ধারণাবশত যদি তিন দিন হরতাল দেওয়া হয় এবং পরবর্তী সময়ে আরও হরতাল দেওয়া হয়, তাহলে দেশের শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা এবং সুস্থ রাজনীতিসহ সবকিছু পিছিয়ে যাবে, কিন্তু ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার কাজ তো এগোবে না। আমি চাই, বিরোধী দলের আশঙ্কা সত্য হোক এবং সরকারের কোনো সংস্থার কাছে ইলিয়াসকে জিম্মি হিসেবে খুঁজে পাওয়া যাক, জীবিত অবস্থায়। তাহলে অন্তত তাঁর পরিবারের কাছে তিনি ফিরে যাবেন। কিন্তু যদি এমন হয় যে ইলিয়াসকে সরকারি কোনো বাহিনী গুম করেনি, করেছে অন্য কোনো পক্ষ, তখন বিরোধী দলের এতগুলো হরতালের ফলে ক্ষতির পরিমাণ কোন খাতে নিশ্চিত করা হবে? ইলিয়াসের রাজনৈতিক জীবন খুব মসৃণ পথে এগোয়নি। তাঁর রাজনৈতিক দর্শনে সহিংসতার উপস্থিতি আছে। তাঁকে কোনোভাবে ঘায়েল করার জন্য সিলেটে বা ঢাকায় তাঁর শত্রুপক্ষ যে তৈরি নয়, তা-ও নয়। আরেকটা সোজা চিন্তাও আসে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই সরকার যে সবিশেষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটা আগেই বলেছি। বস্তুত সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে একের পর এক অরাজক কাণ্ড ঘটে চলেছে, যার শেষটা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত-সংশ্লিষ্ট ওই ৭০ লাখ (?) টাকা ধরা পড়ার ঘটনা। সরকারের ত্রাহি ত্রাহি অবস্থা। সব মিলিয়ে সেখানে ইলিয়াস আলীকে নিখোঁজ করার চক্রান্তে সরকার জড়িত থাকবে, এটা ঠিক যৌক্তিক রাজনৈতিক চিন্তা মনে হয় না।অবশ্য এ সরকারের অনেক বুদ্ধু সিদ্ধান্ত জাতিকে অবাক করেছে। যেমন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে ক্ষমা করে দেওয়া। কাজেই এ সরকার যে নিজের পায়ে নিজে কুড়াল মারার ব্যবস্থা করবে না তা-ও হলফ করে বলা যায় না। কোনো সরকারের যখন জনপ্রিয়তা কমতে থাকে, যখন তাদের বিরুদ্ধে জনগণ ক্রমশ সংক্ষুব্ধ হয়ে ওঠে, তখন ওই সরকারের খড়কুটো ধরে ভেসে থাকতে ইচ্ছে হয়। ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো নিতে থাকে তারা এবং ভুল সিদ্ধান্তগুলোকে সঠিক সিদ্ধান্ত মনে হয়। একটি বিপর্যয়ের সময় সরকারপ্রধানের আশপাশে যাঁরা ভিড় করে থাকেন, তাঁরা সরকারপ্রধানের বিপদের সময় দাঁড়িয়ে থাকার জন্য ভিড় করেন না, ভিড় করেন কখন সটকে পড়তে পারেন, তার জন্য। তাঁরাই ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো সরকারপ্রধানকে খাওয়াতে থাকেন। এখন সরকারপ্রধান এবং সরকার সর্বোচ্চ মেধা ও ধৈর্য দিয়ে সামনের সংকটময় পরিস্থিতিকে মোকাবিলা না করলে জাতি ঠিকই ভয়ানক একটি বিগ্রহের দ্বারপ্রান্তে পৌঁছাবে।হরতালনির্ভর রাজনীতি আমাদের জন্য নতুন কিছু নয়। আওয়ামী লীগ ও বিএনপির বিরোধী দলে অবস্থানের সময় তাদের রাজনীতির ধারাটা এখন আমাদের মুখস্থ হয়ে গেছে। প্রথমে নির্বাচনে পরাজিত হওয়া, তারপর ওই নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে সংসদে যোগ দেবে না দেবে না করে যোগ দেওয়া এবং তারপর খুবই নিরুত্তাপ কোনো ইস্যুতে ‘আমাদের কথা বলতে দিচ্ছে না’ বলে সংসদ থেকে ওয়াকআউট করা, তারপর দীর্ঘ মেয়াদে সংসদ বর্জন অব্যাহত রাখা। শুধু যত দিন না গেলে আইনিভাবে সাংসদ থাকা যাবে না, তত দিন এবং তার আগে-পরে দু-এক দিন যাওয়া। এভাবে বেতন-ভাতাদিও ঠিক রাখা। তারপর হরতালের কর্মসূচি। এক অদ্ভুত কর্ম এটি। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য হরতাল দেওয়ায় কিন্তু ভোগে ওই সাধারণ মানুষই। হরতাল লোক-হয়রানিমূলক অকার্যকর একটি কর্মসূচি। উপর্যুপরি হরতাল দেওয়া সত্ত্বেও ’৯৬ সালে বিএনপি তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছিল, আওয়ামী লীগ ২০০১ সালে এবং আবার বিএনপি ২০০৬ সালে ঠিকই নিজ নিজ পাঁচ বছর পূর্ণ করতে পেরেছিল। শুধু ’৯৬ সালের বিএনপির ১৫ ফেব্রুয়ারির খোঁড়া সরকারটি পদত্যাগ করেছিল।পরিশেষে শিগগিরই মায়েশার মতো ইলিয়াস আলীরও ফিরে আসা কামনা করি। ড. মোহীত উল আলম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি, ইউল্যাব, ঢাকা।