আল্লাহ তাআলা মানবজাতিকে হেদায়েত বা সৎ পথ প্রদর্শনের জন্য ইসলাম প্রচার ও প্রসারে দুনিয়াতে অসংখ্য নবী-রাসুল প্রেরণ করেছেন। তাঁরা মহান আল্লাহর অমিয় বাণী মানুষের কাছে সহজভাবে পৌঁঁছে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। যুগে যুগে আল্লাহ পাক যেসব অঞ্চলে নবী-রাসুল পাঠিয়েছেন, সেসব নবী-রাসুলকে সেই অঞ্চলের মানুষের ভাষাভাষী করেছেন। আল্লাহ তাআলা নবী-রাসুলদের নিজস্ব মাতৃভাষায় জীবনবিধানস্বরূপ তাঁদের ওপর আসমানি কিতাব বা ঐশী ধর্মগ্রন্থ নাজিল করে তাঁদের ভাষাকে সম্মানিত করেছেন। মাতৃভাষা শিক্ষা ও বিকাশে অকুণ্ঠ সমর্থনে আল্লাহর বাণী সহজ, সুন্দর, সাবলীল ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য সংশ্লিষ্ট জাতির ভাষাভাষী করে রাসুলদের প্রেরণ করা সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সূরা ইবরাহিম, আয়াত-৪)ভূপৃষ্ঠে মানবজাতির আগমনের সঙ্গে সঙ্গে মাতৃভাষার উৎপত্তি হয়েছে। আল্লাহ তাআলা ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীবরূপে মানুষ সৃষ্টি করে তাদের মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষা শিক্ষা দিয়েছেন। একজন মানব সন্তান যে জনপদে জন্মগ্রহণ করে, যে পরিবেশ-প্রকৃতিতে বয়োপ্রাপ্ত হয়, যে মায়ের কোলে সে লালিত-পালিত হয়, সেই জনপদে লোকালয়ের মানুষের ভাষা, সেই পরিবেশের ভাষা, সেই মায়ের ভাষা তার আপন ভাষায় পরিণত হয়। জন্মগতভাবেই মানুষ তার মাতৃভাষাতে মনের ভাব প্রকাশ করে থাকে। মানুষ যা বলে তা-ই ভাষা; যা দ্বারা পারস্পরিক মনোভাব প্রকাশিত হয়। কারণ, আল্লাহ পাক মানুষের জন্মের পর তাকে মাতৃভাষায় কথা বলতে শিখিয়েছেন। জগতে বিচিত্র ধরনের অসংখ্য মাতৃভাষা রয়েছে। জগৎজুড়ে ভাষাবৈচিত্র্যের এই যে অপরূপ সমাহার, সেটা আল্লাহর মহান কুদরত। আল্লাহর অপরিসীম কুদরত মাতৃভাষা ও বর্ণের অনন্য নিদর্শন সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’ (সূরা আর-রূম, আয়াত-২২) মানব শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার মা-বাবা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর কাছ থেকে যে ভাষা শোনে এবং তাদের সঙ্গে যে ভাষায় কথা বলে, তা-ই তার মাতৃভাষা। পৃথিবীতে আগত আদি মানব ও সর্বপ্রথম নবী হজরত আদম (আ.) এবং বিবি হাওয়া (আ.) নিজেদের মনের ভাব প্রকাশের জন্য বেহেশত থেকে আরবি ভাষায় কথা বলা শিখে এসেছিলেন। আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে জাগতিক ও পারলৌকিক সবকিছুর নাম শিক্ষা দিয়েই ভূপৃষ্ঠে প্রেরণ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তিনি (আল্লাহ) আদমকে যাবতীয় নাম শিক্ষা দিয়েছেন।’ (সূরা আল-বাকারা, আয়াত-৩১)আল্লাহ তাআলা সর্বপ্রথম হজরত আদম (আ.)-কে বহু বিষয়ে নানা ভাষায় শিক্ষা প্রদান করেছিলেন। ফলে তিনি আরবি, ফারসি, ইবরানি, সুরিয়ানি, ইউনানি ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। পরবর্তী সময়ে তার সন্তান-সন্ততি ও বংশধরেরা যখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন, তখন তারা প্রত্যেকে স্বীয় ভাষাসমূহ থেকে একেকটি ভাষাকে নিজেদের কথা ভাষারূপে গ্রহণ করেন। এভাবেই মাতৃভাষার মধ্যে নানা পরিবর্তন, পরিবর্ধন কিংবা ক্রমান্বয়ে তৃতীয় একটি ভাষার উদ্ভব হলো। সৃষ্টিকর্তা অশেষ অনুগ্রহ করে মানুষের ভাব প্রকাশে ভাষার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘তিনিই মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাব প্রকাশ করতে (ভাষা) শিখিয়েছেন।’ (সূরা আর-রাহমান, আয়াত: ৩-৪)মাতৃভাষার মাধ্যমে যত সহজে মানুষকে কোনো বিষয় বোঝানো যায়, তা অন্য কোনো ভাষায় তত সহজে করা যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির স্বীয় মাতৃভাষাকে যথাযথ মর্যাদা প্রদান করে নিজ নিজ জাতির নিজস্ব ভাষায় আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন। মহান সৃষ্টিকর্তা সব ভাষাভাষী মানুষের কথা শোনেন ও বোঝেন। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রধান চারটি আসমানি কিতাবের মধ্যে হজরত মুসা (আ.)-এর প্রতি ‘তাওরাত’ ইবরানি বা হিব্রু ভাষায়, হজরত ঈসা (আ.)-এর প্রতি ‘ইঞ্জিল’ সুরিয়ানি বা সিরিয়ার ভাষায়, হজরত দাউদ (আ.)-এর প্রতি ‘যাবুর’ ইউনানি বা আরামাইক ভাষায় এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর প্রতি ‘আল-কোরআন’ আরবি ভাষায় অবতীর্ণ হয়। যদি আল্লাহ তাআলা এভাবে নবী-রাসুলদের কাছে নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে আসমানি কিতাব প্রেরণ না করতেন, তবে দেশবাসী ঐশী ধর্মগ্রন্থের হেদায়েত ও সর্বাঙ্গীণ কল্যাণ লাভে বঞ্চিত হতো। মহানবী (সা.) মাতৃভাষা বিশুদ্ধভাবে শিক্ষা ও চর্চার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। তাই বলা হয়ে থাকে, ‘মাতৃভাষা শুদ্ধ করে চর্চা করা বিশেষত তা বিশুদ্ধভাবে উচ্চারণ করা নবীর অনুপম সুন্নাত’। রাসুলুল্লাহও (সা.) নিজ মাতৃভাষা আরবিকে ভালোবাসতেন। হাদিস শরিফে বর্ণিত আছে যে, নবী করিম (সা.) বাণী প্রদান করেছেন, ‘তোমরা তিনটি কারণে আরব তথা আরবি ভাষীকে ভালোবাসবে। কেননা আমি আরবি ভাষী, কোরআনের ভাষা আরবি এবং জান্নাতবাসীর ভাষাও আরবি।’ (বায়হাকি) রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘আমি আরবদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বিশুদ্ধ ভাষার অধিকারী।’তৎকালীন আরব সমাজে বিশুদ্ধ ভাষায় কথাবার্তা বলা আভিজাত্যের লক্ষণ ছিল। বিশুদ্ধ ভাষা শেখার জন্য অনেক পরিবারের ছেলেমেয়েদের বিশুদ্ধ ভাষাভাষী পরিবারে প্রেরণ করা হতো। বিভিন্ন ভাষার চর্চা ও অনুশীলন সাহাবায়ে কিরামদের মধ্যেও বিস্তৃত হয়। বিভিন্ন জাতি ও গোত্রের ভাষা বোঝা এবং তাদের কাছে নিজস্ব ভাষায় ইসলামের দাওয়াত প্রদানে মহানবী (সা.) অন্যান্য জাতির মাতৃভাষা শেখার জন্য সাহাবায়ে কিরামদের উদ্বুদ্ধ করেছেন। নবী-রাসুলদের পরবর্তী সময়ে যুগে যুগে ইসলাম ধর্মের প্রচারকেরা পৃথিবীর যেসব অঞ্চলে ইসলাম প্রচার করতে গিয়েছেন, সেই অঞ্চলের মানুষের ভাষা আয়ত্ত করে সেই ভাষাতেই ইসলামের সুমহান মর্মবাণী এতদঞ্চলের মানুষের কাছে সহজ-সাবলীলভাবে তুলে ধরেছেন। তাদের মাতৃভাষায় মুসলমানদের অনুসৃত প্রধান ধর্মগ্রন্থ ‘আল-কোরআন’ অনুবাদ করে অনুসারীদের পবিত্র কোরআন-হাদিসের জ্ঞান দান করেছেন এবং ইসলামের বিধিবিধান ও নিয়মকানুন শিক্ষা দিয়েছেন। মাতৃভাষা চর্চার ওপর ইসলাম অত্যধিক গুরুত্ব আরোপের কারণে মুসলিম মননে মাতৃভাষাপ্রীতি দারুণভাবে সঞ্চারিত হয়েছে। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]