ইসি হিস মাস্টার্স ভয়েস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, সংসদীয় আসনের ভোটারসংখ্যা, জনসংখ্যা, মোট আয়তন ও প্রশাসনিক অখণ্ডতার সমন্বয়ের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিধান রেখে একটি আইনের খসড়া করেছে ইসি। গত রোববার এর সভায় খসড়াটি উপস্থাপন করা হয়।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর যেসব উদ্যোগ-আয়োজন নেওয়া হয়েছে, তাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কিছুটা হলেও আশাবাদ জেগেছিল। জনগণের মধ্যে এই ধারণা জন্মেছিল যে বর্তমান কমিশন অন্তত পূর্বসূরির মতো সমস্যা পাশ না কাটিয়ে চ্যালেঞ্জটি শক্ত হাতে মোকাবিলা করবে এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

এই লক্ষ্য সামনে রেখে কমিশন যখন নির্বাচনের দেড় বছর আগে সাত দফা কর্মপরিকল্পনা ঘোষণা করল, তখন সংশ্লিষ্ট সবাই তাকে স্বাগত জানিয়েছিল। ইতিমধ্যে তারা নাগরিক সমাজ ও গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ না হতেই সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত আইনের খসড়া তৈরি নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, কমিশন সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছে এবং এসব মতবিনিময় লোক–দেখানো।

এর পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কিছু কিছু বক্তব্য সেই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার দায়িত্ব কমিশনের নয়। কিন্তু তিনি তো এ কথা অস্বীকার করতে পারবেন না যে, সবার জন্য মাঠ সমতল করা কমিশনের দায়িত্ব। সেই কাজটি তারা যথাযথভাবে করলেই নির্বাচন নিয়ে উদ্ভূত সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে।

আমরা আশা করব, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরই নির্বাচন-সংক্রান্ত সব আইনের খসড়া প্রস্তুত করা হবে। কমিশনের কথা ও আচরণে যদি প্রতীয়মান হয় যে কোনো দল বা গোষ্ঠীর প্রতি তাদের পক্ষপাত আছে, তাহলে প্রতিষ্ঠানটির পক্ষে অর্পিত দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়বে।

স্বাধীন নির্বাচন কমিশন হিস মাস্টার্স ভয়েস হিসেবে কাজ করবে, সেটি কাম্য হতে পারে না।