ইসিও মানে না, প্রার্থীরাও মানেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধি যতটা গর্জে, তত বর্ষে না। হরহামেশা আচরণবিধি ভঙ্গ আইন ভঙ্গের সমান। অথচ প্রার্থী থেকে শুরু করে সাংসদ আচরণবিধি ভঙ্গ করার মাধ্যমে ক্ষমতা প্রদর্শনের জন্যই কি আইন প্রণীত হয়? আইন বাস্তবায়নের কোনো দায় কি নির্বাচন কমিশনের নেই?
বাগেরহাটে দুই পৌরসভার দুই মেয়র প্রার্থী দুই সাংসদের ভয়ে আছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে মঙ্গলবারের প্রথম আলোয়। একাধিক স্থানে সাংসদকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সাংসদেরা নিজেরাও প্রচারণায় জড়িত হয়েছেন। মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। কয়েকটি ঘটনায় রিটার্নিং কর্মকর্তারা এক পদে একাধিক প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, যা নির্বাচনী আইনবিরোধী। অথচ নির্বাচন কমিশন কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়েই খালাস। শুধু উপজেলা নির্বাচনই নয়, এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে অনেককে কারণ দর্শানোর কথা বলা হলেও কারও বিরুদ্ধে তেমন উল্লেখযোগ্য কোেনা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের এই শিথিলতার কারণেই মাঠপর্যায়ে যথেচ্ছ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। এমন চলতে থাকলে আচরণবিধি অপ্রাসঙ্গিক হয়ে পড়তে বেশি বিলম্ব হবে না।
বিষয়টি এ কারণেও গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই বহু বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। তোড়জোড় করে প্রচারণা চালাচ্ছেন তাঁদের সমর্থকেরা। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনের প্রাক্কালে তো বটেই, নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সহিংসতার আশঙ্কা বাড়বে। এদিকে বিএনপিও নির্বাচন ‘বর্জন’ করা হবে কি হবে না তা ‘পরিস্থিতির ওপর নির্ভর করছে’ বলে জানিয়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের কঠোর নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। ইসি যদি নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায়, তাহলে অর্পিত দায়িত্ব তাদের নির্ভয়ে ও নিরপেক্ষতার সঙ্গেই পালন করতে হবে।