নির্বাচন কমিশনকেই বলির পাঁঠা করল আওয়ামী লীগ ও বিএনপি। তবে ভরসা এই যে কমিশন এতে খুব বেশি বেজার হবে না। গঠনতন্ত্রে ত্রুটি থাকা সত্ত্বেও দুই বড় দলকে কমিশনের ছাড় দেওয়ার ঘটনা প্রমাণ করে, তাদের শক্তি ও সামর্থ্য খুবই সীমিত। অন্তত তা এতটা প্রসারিত নয় যে তারা চাইলেই দুই বড় দলের কোনো অন্যায় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে। ‘সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক এবং অন্যান্য ত্রুটি বিবেচনায়’ আটটি দলকে তাদের গঠনতন্ত্র সংশোধনে তাগিদ দিচ্ছে ইসি। অথচ তাদের উচিত দুই বড় দলের গঠনতন্ত্র দেশের প্রচলিত আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কি না, তা আগে যাচাই করা। কারণ, এই দুটি দলকেই আমরা অধিকতর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। এর ওপরই নির্ভর করছে গণতন্ত্রের ভবিষ্যৎ। ছাত্র-শিক্ষক ও পেশাজীবীরা ক্রমাগতভাবে ঐতিহ্যবাহী ত্যাগ-তিতিক্ষানির্ভর পথ বিসর্জন দিয়ে দুই বড় দলের লেজুড়বৃত্তির ক্ষতিকর রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েছে। দেশের বাইরে তাদের কথিত শাখার অপরাজনীতি চলছে। এসব বারণ করে জরুরি অবস্থায় জারি করা অধ্যাদেশ তারা অনিচ্ছায় গলাধঃকরণ করেছিল। এখন তারা তা মানছে না। এই অবস্থায় দুটি দলকে আমরা আইন মানতে অনুরোধ করব। এ ক্ষেত্রে ইসিই প্রধান ভরসা। তাদের উচিত ব্যর্থতা কিংবা অপারগ হওয়ার ঝুঁকি নিয়ে হলেও দুই বড় দলের গঠনতন্ত্রের ত্রুটি শোধরাতে উদ্যোগী হওয়া। আমরা গভীর অসন্তুষ্টির সঙ্গে লক্ষ করি যে ইসি দুই বড় দলকে ছাড় দিয়ে গঠনতন্ত্রের ত্রুটি শোধরাতে অন্য আটটি দলকে চিঠি দিচ্ছে। অবশ্য জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি বিশেষ গুরুত্বের দাবি রাখে। এ বিষয়ে তাদেরকে চিঠি দেওয়া আরও অনেক আগেই দরকার ছিল। এখন যে তারা উদ্যোগ নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। আর গঠনতন্ত্র সংশোধন প্রশ্নে দুই বড় দলের কাছে তাদের আত্মসমর্পণ গণতন্ত্রের জন্য অশনিসংকেত।বিগত ইসি অনেকটা নিরুপায় ছিল। বিশেষ করে গঠনতন্ত্র শোধরাতে দুই বড় দলকে বাধ্য করার চেয়ে তাদের সামনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, দুই বড় দলের অংশগ্রহণনির্ভর একটি নির্বাচন সম্পন্ন করা। নির্বাচিত শাসনব্যবস্থায় উত্তরণই ছিল তাদের সামনে জ্বলন্ত প্রশ্ন। সুতরাং তাদের ছাড় দেওয়াকে পুঁজি করে পুনর্গঠিত ইসি যদি দায়িত্ব এড়াতে চায়, তা হলে সেটি মার্জনা করা চলে না। এটা তো বড় বুলি ও বড় মুখের দাবির সঙ্গে বেমানান।আমরা আশা করব, আটটি দলের সঙ্গে আরও দুটি দল যোগ করেই গঠনতন্ত্র সংশোধন প্রশ্নে চিঠি দেবে ইসি। আইন সবার জন্য সমভাবে প্রয়োগ হতে হবে।