ইসির কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ প্রথম দফায় যে ৭৫২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন কমিশনেরই (ইসি) দাবি অনুযায়ী তার প্রস্তুতি শেষ প্রায়। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। রোববার মধ্যরাত থেকে প্রচারকাজ বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়াসহ যেসব অঘটন ও সহিংসতা ঘটেছে, তাতে নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে কি না, সে বিষয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে।
প্রথমবারের মতো রাজনৈতিক পরিচয়ে হতে যাওয়া এই নির্বাচন নিয়ে জনগণের বাড়তি আগ্রহ ও উদ্দীপনা থাকা স্বাভাবিক। কিন্তু প্রথমেই সেই আগ্রহের উত্তাপে পানি ঢেলে দিয়েছে ক্ষমতাসীন দলের মনোনীত কতিপয় প্রার্থী। তাঁরা প্রতিদ্বন্দ্বীদের মনোনয়নপত্র জমা দিতেই দেননি। ফলে অর্ধশতাধিক ইউপিতে ক্ষমতাসীন দলে চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এটি কেবল মন্দ নজির হিসেবেই থাকবে না, নির্বাচনী ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করবে।
আরও উদ্বেগের বিষয় হলো, এসব অঘটনে নির্বাচন কমিশন অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কেবল অস্বাভাবিক নয়, অসুস্থ রাজনৈতিক সংস্কৃতিরও নির্দেশক। প্রথম দিকে ইসি বলার চেষ্টা করেছিল যে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে। কিন্তু দু–একটি ইউপি নির্বাচন স্থগিত করা ছাড়া তারা কোনো ব্যবস্থাই নেয়নি। দ্বিতীয় ধাপ থেকে বিকল্প ব্যবস্থায় মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হলেও নির্বাচনী সংস্কৃতির অগ্রগতি লক্ষ করা যায়নি। ইতিমধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।
তবে ইসির আসল পরীক্ষা হবে ২২ মার্চ ভোট গ্রহণের দিন। আমরা আশা করব, সেদিন ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। সেই পরিবেশ যদি ইসি তৈরি করে দিতে পারে, তাহলে তাদের আগের গ্লানি কিছুটা হলেও দূর হবে। এর ব্যত্যয় হলে নির্বাচন ব্যবস্থাটিই ভেঙে পড়বে। এর আগে পৌরসভা নির্বাচনে ইসি যথেষ্ট দুর্নাম কুড়িয়েছে। ইউপি নির্বাচনে তার পুনরাবৃত্তি রোধে ইসির নিরপেক্ষ ও কার্যকর ভূমিকাই প্রত্যাশিত।