দুজন নির্বাচন কমিশনার, একজন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের কিছু কর্মকর্তা প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেছেন, সিটি নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী, মন্ত্রী বা এমন পদমর্যাদার কিছু ব্যক্তির কর্মকাণ্ড ও কথাবার্তায় নির্বাচনী আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। ফলে প্রশ্ন জাগছে, নির্বাচন কমিশন (ইসি) কি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে?
রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের নির্বাচনী আচরণবিধির ব্যাপারে উন্নাসিকতা ও তার বিপরীতে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার এক জাজ্বল্যমান দৃষ্টান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান ও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারেন না, কিন্তু তিনি সেই কাজটি করছেন আর দাবি করছেন, নির্বাচনী আচরণবিধি তাঁর জন্য প্রযোজ্য নয়। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কেন এরশাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
আচরণবিধি লঙ্ঘন, কমিশন চুপআচরণবিধি লঙ্ঘনের আরও একটি বড় দৃষ্টান্ত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, তিনি চট্টগ্রামের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। একজন নির্বাচন কমিশনার স্বীকার করেছেন যে মন্ত্রীদের এ ধরনের আচরণ অবশ্যই আচরণবিধির লঙ্ঘন, কিন্তু কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। ওই নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার তিন সপ্তাহ পর জানিয়েছেন মন্ত্রীদের সতর্কভাবে কথা বলতে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে অনুরোধ জানানো হবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আরও অনেক খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা দেখা যাচ্ছে না। কমিশনের কর্মকর্তারা আচরণবিধি লঙ্ঘনের ঘটনার কথা মুখে মুখে স্বীকারও করছেন, কিন্তু যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘটনা বিরল।
আইনগতভাবে নির্বাচন কমিশন অত্যন্ত ক্ষমতাধর একটি প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানটি নিজেই যদি তার ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ না করে, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা অত্যন্ত দুরূহ হয়ে উঠতে পারে।