নিরপেক্ষ আচরণ যেন কাজেও প্রতিফলিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে বিএনপির প্রতিনিধিরা।
নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে বিএনপির প্রতিনিধিরা।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির সংলাপটি নিয়ে যে রাজনৈতিক মহলে সরগরম আলোচনা হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তবে সেই আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সংলাপ নিয়ে তিন প্রধান পক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি ও নির্বাচন কমিশনের প্রাথমিক প্রতিক্রিয়া।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বিএনপির সংলাপে আসাকে স্বাগত জানিয়ে বলেছেন, বিএনপি এই সংলাপে সবচেয়ে বেশি লাভবান হবে, মানুষ সংলাপের দিকে তাকিয়ে আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আশাবাদী হতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিএনপির সংলাপে আসাকে ইতিবাচক বলে অভিহিত করেছেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটি-দুটি সংলাপে তা কেটে যাবে বলে কেউ মনে করেন না। তবে পরস্পরের মনোভাব জানতে-বুঝতে এসব সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করা যায়। দেশবাসী ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা বা নিয়মরক্ষার নির্বাচন চায় না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো জনগণকে তার পছন্দসই প্রতিনিধি বাছাই করার সুযোগ করে দেওয়া। সে জন্য নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে গত ৪৬ বছরেও নির্বাচনপ্রক্রিয়ার ব্যাপারে মতৈক্যে আসতে পারেনি।

সংলাপে বিএনপি যে ২০ দফা প্রস্তাব দিয়েছে, তার সবই নির্বাচন কমিশনের এখতিয়ারে আছে তা বলা যাবে না। কিন্তু এসব প্রস্তাবের উদ্দেশ্য যদি হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তাহলে সেগুলো নিয়ে কমিশন ক্ষমতাসীন দলের সঙ্গেও আলোচনা করতে পারে। আর যেসব বিষয় নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ারে আছে, সেসব বিষয়ে তাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তাদের সব ধরনের ভয়ভীতি কিংবা রাগ-অনুরাগের ঊর্ধ্বে থাকতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা মাঠ সমতল করতে হবে। প্রয়োজনে নির্বাচনী আইন সংস্কার করতে হবে।

সর্বোপরি কমিশন যে খোলামনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, আচরণে তার প্রতিফলন থাকতে হবে। এমন কোনো কাজ তারা করবে না, যাতে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি প্রশ্নবিদ্ধ হয়। এখন পর্যন্ত কমিশনের কার্যক্রম আলোচনা ও প্রস্তুতির মধ্যে সীমিত। আশা করি, কমিশনের পদাধিকারীরা শুধু কথায় নয়, কাজেও সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন।