পৌরসভা নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবিদাওয়া পেশ করেছিল, তা অনেকটা ট্রেড ইউনিয়নের মতো। রাজনৈতিক দলগুলো নিজেরাও জানত যে নির্বাচনী বিধি জারির পর এসব দাবি আমলে নেওয়ার তেমন সুযোগ নেই। তারপরও দাবিনামা উত্থাপনের উদ্দেশ্য হলো সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি চাপ অব্যাহত রাখা। সেই সুযোগটি সম্ভবত ইসি নিজেই করে দিয়েছে নিকট অতীতে বেশ কিছু বিতর্কিত পদক্ষেপের মাধ্যমে।
তবে এবার নির্বাচন কমিশন দুই তরফের দাবিদাওয়া যেভাবে নাকচ করে দিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছে, সেটি সাধুবাদ পাওয়ার যোগ্য। বিএনপি পৌরসভা নির্বাচন সামনে রেখে তাদের নেতা-কর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে আসছিল অনেক আগে থেকেই। কিন্তু ইসির কাছে দলটি তার প্রতিকার না চেয়ে নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়ে রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় দিয়েছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে নির্বাচনী প্রচারে সাংসদদের অংশগ্রহণের দাবি তুলেছে, তার যৌক্তিকতা কী? সাংসদদের নির্বাহী ক্ষমতা না থাকলেও স্থানীয় সরকার সংস্থাগুলোর ওপর তাঁদের কর্তৃত্ব ও খবরদারি এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সরকার সংস্থার কোনো কিছুই তঁাদের হুকুম ও ইঙ্গিত ছাড়া হয় না। তদুপরি সাংসদদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ দিলে সবার জন্য মাঠ সমতল করার ন্যূনতম সম্ভাবনাও রহিত হয়ে যাবে।
তাই ইসির সর্বশেষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও যে কথাটি বলা প্রয়োজন তা হলো, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এর মর্যাদা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে সাংসদদের নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখা হলেও নিজের নির্বাচনী এলাকায় তঁাদের অবস্থান নানাভাবেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে। নির্বাচন কমিশনকে এই বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে ইসিকে যেমন নিরপেক্ষ থাকতে হবে, তেমনি মনে রাখেত হবে, নির্বাচনকালে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে থেকেই দায়িত্ব পালন করে থাকেন। সে ক্ষেত্রে তঁাদের নিরপেক্ষতা নিশ্চিত করাও তার দায়িত্ব। এ ক্ষেত্রে ইসি ব্যর্থ হলে পুরো নির্বাচন প্রক্রিয়াতেই নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।