ইয়াবা আসছে কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১০২ জন ইয়াবা ব্যবসায়ী ১৬ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার টেকনাফ পাইলট স্কুলের মাঠে পুলিশের এক সমাবেশে ৩ লাখ ইয়াবা বড়ি ও ৩০টি আগ্নেয়াস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। তার আগেই জাতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রচারিত হয়। এ রকম খবর প্রচারের কিছু ইতিবাচক প্রভাব প্রত্যাশা করা হয়; অর্থাৎ যেসব লোক ইয়াবা বড়ি ও অন্যান্য মাদকদ্রব্য পাচার ও কেনাবেচনা করেন, তাঁদের একটা অংশের মধ্যে এমন বোধোদয় ঘটেছে যে এই কাজ শুধু একটা ফৌজদারি অপরাধই নয়, এতে সমাজের তরুণ–তরুণীদের একটা বিরাট অংশের ক্ষতিসাধন করা হচ্ছে। তাই এই অপরাধবৃত্তি ছেড়ে দেওয়া উচিত। ১০২ জনের আত্মসমর্পণের এই দৃষ্টান্ত মাদক ব্যবসায় লিপ্ত অন্য ব্যক্তিদের মধ্যেও একই রকমের বোধোদয় ঘটাবে এবং তাঁরাও এই অপরাধবৃত্তি থেকে সরে আসবেন—এমন প্রত্যাশা একধরনের সরল আশাবাদ থেকে সৃষ্ট।

কিন্তু বাস্তবতা সে রকম নয়। যেদিন ওই আত্মসমর্পণের অনুষ্ঠানটি সাড়ম্বরে ঘটানো হয়, সেই দিনই ওই কক্সবাজার জেলার তিনটি স্থান থেকে ৫ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তার পরদিনও উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোস্টগার্ড ও র‍্যাবের সদস্যরা টেকনাফে দুটি পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ রকম উদ্ধারের ঘটনা প্রতিদিন ঘটছে না, কিন্তু ইয়াবা চোরাচালান, কেনাবেচা ও সেবন যে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে, তা বলার অপেক্ষা রাখে না।

কক্সবাজার গোয়েন্দা পুলিশের সর্বশেষ তালিকায় ওই জেলায় ইয়াবা ব্যবসায় লিপ্ত ১ হাজার ১৫১ ব্যক্তির নাম আছে। তাঁদের মধ্যে শুধু টেকনাফেরই ৯১২ জন। তাহলে দেখা যাচ্ছে, টেকনাফের মোট ইয়াবা কারবারির মাত্র ৯ ভাগের ১ ভাগ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন, বাকি ব্যক্তিরা তাঁদের কারবার চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হয়। যেদিন আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়, সেদিনই কক্সবাজারের সাধারণ মানুষের প্রতিক্রিয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তাঁরা বলেছিলেন, এই আত্মসমর্পণের ফলে ইয়াবার কারবার বন্ধ হবে না বলে তাঁরা মনে করেন। কারণ, কক্সবাজার জেলার শুধু টেকনাফে নয়, আরও অনেক এলাকায় ইয়াবা কারবারিরা তৎপর আছেন।

সংবাদমাধ্যমে মাদকবিরোধী অভিযানসহ নানা রকম তৎপরতার খবর প্রায়ই প্রকাশিত হয়। এ থেকে প্রতীয়মান হয়, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো মাদক ব্যবসায়ীদের দমন করার জন্য প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাপক পুলিশি অভিযান চালিয়ে শুধু ইয়াবা উদ্ধারই করা হচ্ছে না, মাদকের কারবারিদের গ্রেপ্তার ও মামলা দায়েরের খবরও পাওয়া যাচ্ছে। এমনকি মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০০ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন, তাঁদের মধ্যে শুধু টেকনাফেই নিহত হয়েছেন ৪১ জন। অর্থাৎ, মাদক কারবারিদের দমনের চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দৃশ্যমানভাবেই করে চলেছে। কিন্তু প্রশ্ন হলো সেই চেষ্টার সুফল ফলছে না কেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মাদকদ্রব্য, বিশেষত ইয়াবা বড়ির প্রবেশপথের দিকে তাকাতে হবে। কারণ, ইয়াবাসহ অধিকাংশ মাদকদ্রব্যই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে উৎপাদিত হয় না, সেগুলো আসে দেশের বাইরে থেকে, বিশেষত মিয়ানমার থেকে। কিন্তু কীভাবে আসে? আমাদের জাতীয় সীমান্তের নিরাপত্তা রক্ষার দায়িত্বে কি কেউ নেই? থাকলে তাঁরা কী করছেন? দেশের ভেতরে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য কেনাবেচায় লিপ্ত ব্যক্তিদের, গ্রেপ্তার কিংবা ‘বন্দুকযুদ্ধ’ নিষ্ফল হচ্ছে এই কারণে যে সীমান্ত পেরিয়ে সেগুলো দেশের ভেতরে ঢুকতে পারছে। তাই প্রথম কাজ হচ্ছে সীমান্তপথে মাদকদ্রব্যের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা। যাঁরা এই দায়িত্বে আছেন, তাঁদের জবাবদিহি নিশ্চিত করা।