ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের করালগ্রাসে বাংলাদেশ আজ জবুথবু। সাম্প্রতিক বছরগুলোতে সরকার মাদকবিরোধী নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে ঠিকই, কিন্তু টেকসই কোনো অগ্রগতি নেই। আমরা চাই কর্তৃপক্ষীয় কেউ নির্দিষ্টভাবে বলুক, গত ১০ বছরের মাদকবিরোধী সরকারি পদক্ষেপগুলো কী সাফল্য দিয়েছে? কারণ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান রীতিমতো গভীর উদ্বেগজনকই রয়ে গেছে। আগেও মাদক মামলার আসামিরা ছাড়া পেতেন, এখনো পাচ্ছেন। যে প্রতিকার ‘বন্দুকযুদ্ধ’ দিতে পারেনি, তা আত্মসমর্পণ কী করে নিশ্চিত করবে, সেটা স্পষ্ট নয়।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক বিষয়ে ‘সুস্থ জীবনে’ ফিরতে প্রত্যাশীদের সুযোগ দেওয়ার কথা বলেছেন। এর আগে মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের প্রমাণ হিসেবে আমরা ‘বন্দুকযুদ্ধ’ দেখেছি। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সাধারণ নির্বাচন সামনে রেখে সরকার ফিলিপাইনের ‘দুতার্তে মডেল’–এর মাধ্যমে ভীতি তৈরি করছে বলে অভিযোগ করেছিল। এখন নির্বাচনের পরপর মাদক কারবারিদের গণ–আত্মসমর্পণের একটি উদ্যোগ আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু দীর্ঘ মেয়াদে তা কী ফল দিতে পারে, তা আমরা অনুমান করতে পারি না। কারণ, অতীতের অভিজ্ঞতায় সরকারি পদক্ষেপগুলোর কার্যকারিতা এবং ধারাবাহিকতা রক্ষা করা, এর দুটোতেই আমরা যথেষ্ট ঘাটতি দেখি।
২০১২ সালে কারাবন্দীদের বিষয়ে দেওয়া এক নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেছিলেন, মাদকের মামলায় আটক কোনো আসামি সরকারের বিশেষ বা সাধারণ ক্ষমা সুবিধা পাবেন না। অথচ কারাবন্দীর সংখ্যা কমানোর অংশ হিসেবে গত অক্টোবরে ‘সাধারণ ক্ষমায়’ শুধু সিলেটে দুই দিনে ছেড়ে দেওয়া ১৪২ জনের মধ্যে ৬০ জনই ছিলেন মাদক মামলার আসামি। সম্প্রতি সংবাদমাধ্যমে এই তথ্য ছাপা হয়েছে যে মাদক জগৎ নিয়ন্ত্রণকারী ১৪১ গডফাদারের নামধাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুদককে দিয়েছে। এতে সাংসদ, যুবলীগ নেতা, উপজেলা চেয়ারম্যান, এমনকি সিআইপি আছেন বলেও প্রকাশ।
কক্সবাজার থেকে আমরা অব্যাহতভাবে অস্বস্তিকর খবরাখবর পাচ্ছি। বিতর্কিত সাবেক সাংসদ আবদুর রহমান বদি দৃশ্যত ইয়াবাবিরোধী প্রচারণায় আরও সরব হয়েছেন। স্ত্রীকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার বিষয়টিকে কার্যত বদিকেই রাজনৈতিকভাবে পুরস্কৃত করার শামিল। এটা সরকারের মাদকবিরোধী অভিযানের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তারই পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে যে ‘আত্মসমর্পণ’ ঘটবে, তা কতটুকু ফল দেবে, সেই প্রশ্ন অবান্তর নয়। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা ইয়াবা কারবারিদের তালিকায় জেলার ১ হাজার ১৫১ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ৭৩ প্রভাবশালী ইয়াবা কারবারির তালিকায় সাবেক সাংসদ বদির পাশাপাশি আরও ২২ জনপ্রতিনিধির নাম আছে।
আমরা মনে করি, মাদকবিরোধী অভিযানে সবার আগে সন্দেহাতীতভাবে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে হবে। সেই সদিচ্ছার প্রমাণ দিতে হলে আগে রাঘববোয়ালদের বিরুদ্ধে আইনকে তার নিজের পথে চলতে দিতে হবে। গত জুনে মাদকবিরোধী অভিযানে নিহত ব্যক্তির সংখ্যা যখন ২০০ ছাড়িয়ে যায়, তখন ঢাকার একটি আদালত মাত্র ১০ মাসে ১৪৫টি মাদক মামলার নিষ্পত্তি করেছেন বলে খবর বেরোয়। এসবের মধ্যে ১৪৪টিতেই আসামিরা সাজা পেয়েছেন। এটা প্রমাণ দেয় যে প্রচলিত ব্যবস্থার মধ্যে থেকেও দ্রুত বিচার সম্ভব। তবে এসব দণ্ডিত ব্যক্তি সম্ভবত যথেষ্ট প্রভাবশালী ছিলেন না।
মাদকবিরোধী লড়াইয়ে টেকসই অগ্রগতি চাইলে আগে শীর্ষস্থানীয় ব্যক্তিদের দোষী সাব্যস্ত করার পথেই হাঁটতে হবে। মাদক কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যে চক্র গড়ে উঠেছে, এর সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরা যেমন রয়েছেন, তেমনি প্রশাসন ও পুলিশের একশ্রেণির কর্মকর্তাদেরও যুক্ততা রয়েছে। কাউকে ছাড় না দিয়ে সংশ্লিষ্ট সবার শাস্তি নিশ্চিত করতে পারলে ফল মিলতে পারে।